মাছের ঝোল খেতে আর ভাল লাগছে না? বানিয়ে ফেলুন রুই মাছের কোফতা কারি

Posted By:

বাঙালি বাড়িতে রোজকার পাতে মাছ থাকেই! আর তার মধ্যে সবচেয়ে বেশি থাকে রুই বা কাতলা। সহজে পাওয়া যায়, খেতে সুস্বাদু, আর কাঁটাও কম। ঝোল, ঝাল, কালিয়া যাই রান্না হোক না কেন খেতে দারুণ লাগে। কিন্তু একঘেয়ে ঝোল, কালিয়া আর কত খাবেন। আজ শিখে নিন রুই মাছের কোফতা কারি রেসিপি।

উপকরণ

রুই মাছ, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বেসন পরিমাণমতো, স্বাদমতো নুন ও চিনি, রান্নার জন্য সর্ষের তেল।

rohu fish recipe

প্রণালী

রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিন। তার পর সেদ্ধ মাছের কাঁটা ছাড়িয়ে রাখুন। একটা বাটিতে কাঁটা ছাড়ানো মাছ, বেসন, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিন।

কড়াইতে তেল গরম করে কোফতাগুলি ভেজে তুলে নিন। ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে আদা বাটা, রসুন বাটা দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলা কষতে থাকুন।

মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণমতো জল, চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলে রুই মাছের কোফতাগুলি দিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিন। মিনিট দশেক পর ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। আবারও এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখুন। তারপর গ্যাস নিভিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন রুই মাছের কোফতা কারি।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion