পাতুরি, ভাপা তো অনেক হল, এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ইলিশের কোর্মা

Posted By:

বাজারে এখন ইলিশের ছড়াছড়ি। আর ইলিশের মরশুমে ইলিশ না খেলে কি চলে! এই সময় বাঙালি বাড়িতে প্রায় প্রতি দিনই চলে ইলিশ পার্বণ। পাতুড়ি, ভাপা, কালোজিরে বেগুন দিয়ে ঝোল, সর্ষে দিয়ে ঝাল - এই সময়ে গোটা বাড়িজুড়ে ম ম করে ইলিশের গন্ধ। এ বার স্বাদবদল করতে বানিয়ে ফেলুন ইলিশের কোর্মা।

ইলিশ কোর্মার উপকরণ

৫-৬ পিস ইলিশ মাছ, ২ টেবিল চামচ টক দই, পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, এক কাপ নারকেলের দুধ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, রান্নার জন্য সর্ষে তেল, ১ টেবিল চামচ ঘি।

ilish Macher Korma Recipe

ইলিশ কোর্মা তৈরির প্রণালী

ইলিশ মাছগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মাছে নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে গরম তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। মাছ ভাজার তেলেই সামান্য ঘি দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে নিন। এবার ওই তেলেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা ল‌ঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ ভাল করে কষিয়ে নিন।

একটি পাত্রে টক দই, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা একসঙ্গে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি কড়াইতে দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এর পর নুন, চিনি দিয়ে দিন। কিছুক্ষণ মশলা কষানোর পর নারকেলের দুধ দিয়ে দিন। মিশিয়ে নিন ভাল ভাবে।

ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ইলিশ মাছগুলো কড়াইতে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। তার পর ঢাকনা খুলে উপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন। একটু পর আঁচ নিভিয়ে দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা ইলিশের কোর্মা।

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 6, 2023, 18:44 [IST]
X
Desktop Bottom Promotion