চিংড়ির অনেক পদ তো খেলেন, এবার চেখে দেখুন জিভে জল আনা দই চিংড়ি

Posted By:

বর্ষাকাল এলেই ইলিশ খাওয়ার ঝোঁক বাড়ে বাঙালীর। তাই বলে চিংড়ি কিন্তু তালিকা থেকে বাদ পড়ে না। এ পার বাংলার মানুষের বেশি প্রিয় বলে পরিচিত হলেও, ও পারের লোকেরাও চিংড়ি খেতে পছন্দ করেন।

চিংড়ি বাড়িতে এলেই হয় মালাইকারি, আর না হয় সর্ষে বাটা দিয়ে ঝাল হয়। এ বার স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন টক-ঝাল-মিষ্টি স্বাদে দই চিংড়ি। দেখে নিন রেসিপি।

উপকরণ
হাফ কেজি বাগদা চিংড়ি, ১টা টমেটো কুচি, ২টো পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ গোটা জিরা, ৩ টেবিল চামচ টক দই, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, রান্নার জন্য সর্ষে তেল, পরিমাণমতো ঘি, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, ধনে পাতা কুচি।

prawn curry recipe

প্রণালী
চিংড়ি মাছগুলো কেটে জলে ধুয়ে রাখুন। নুন হলুদ মাখিয়ে ভেজে নিন মাছগুলো। তারপর অন্য একটি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা এবং গোটা গোলমরিচ দিয়ে একটু ভেজে নিন। এতে গোটা জিরে দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। মশলা কষিয়ে নিন ভালো ভাবে।

এর পর এতে টক দই ফেটিয়ে দিয়ে দিন। ধনে পাতা কুচি, চিনি, নুন, পরিমাণমতো জলও দেবেন। মশলা কষাতে কষাতে তেল বের হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা হতে দিন মশলা। তারপর মিক্সিতে এই মশলার মিহি পেস্ট তৈরি করে নিন।

আবার কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। সামান্য ভেজে নিয়ে বাটা মশলাটা পুরোটা দিয়ে দিন। মিক্সি ধুয়ে মশলার জলটা এতে দিয়ে দেবেন। একটু বেশি করেই জল দেবেন। ঝোলের মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিন। মিনিট দশ পনেরো ঝোল ফুটতে দিন। মাঝে একবার মাছগুলো উল্টে দেবেন। নামানোর আগে ঘি মিশিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল দই চিংড়ি। গরম ভাতের সঙ্গে প্রাণ ভরে খান।

[ of 5 - Users]
Story first published: Monday, July 17, 2023, 15:51 [IST]
X
Desktop Bottom Promotion