পনিরে আনুন অন্যরকম স্বাদ! রেঁধে ফেলুন জিভে জল আনা আফগানি পনির

Posted By:

নিরামিষ খাবারের মধ্যে প্রোটিনের সবচেয়ে ভাল উৎস হল পনির। যাঁরা মাছ-মাংস পছন্দ করেন না, পনির দিয়েই তাঁরা শরীরের প্রোটিনের ঘাটতি অনেকটা পুষিয়ে ফেলতে পারেন। পনিরের নিজস্ব কোনও স্বাদ নেই। তবে ভাল করে রান্না করলে খেতে মন্দ লাগে না। পনির দিয়ে বানানো যায় লোভনীয় সব পদ। আজ আপনাদের জন্য রইল সুস্বাদু আফগানি পনিরের রেসিপি। রান্না করাও সহজ, আর খেতেও সুস্বাদু।

উপকরণ

৩০০ গ্রাম পনির, পেঁয়াজ কুচি, দারুচিনি, ৬-৮ কোয়া রসুন, আদা টুকরো, ৩-৪টে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, ৩ টেবিল চামচ টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, স্বাদমতো নুন, সাদা তেল।

Paneer Afghani Recipe

প্রণালী

পনির ছোটো ছোটো করে কেটে নিন। নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি আর এক চামচ তেল পনিরে মাখিয়ে নিন ভালো করে। মিনিট দশেক ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রাখুন। তারপর ফ্রাইং প্যানে তেল গরম করে পনিরগুলো লালচে করে ভেজে তুলে নিন।

কড়াইতে তেল গরম করে দারুচিনি, পেঁয়াজ কুচি, গোটা রসুন, টুকরো আদা, চেরা কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রঙ লালচে হয়ে এলে তাতে ধনেপাতা দিয়ে আরও একটু ভাজুন। তারপর মশলার এই মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে বেটে নিন। মশলার সঙ্গে টক দই দিয়ে বাটবেন। একটা বাটিতে বাটা মশলাটা ঢেলে, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে নিন ভালো ভাবে।

কড়াইতে আরও একটু তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে বেটে রাখা মশলাটা ঢেলে দিন। মিনিট পাঁচেক মশলা কষিয়ে নিয়ে এতে ভাজা পনিরগুলো দিয়ে দিন। রান্না করুন আরও কিছুক্ষণ। সবশেষে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি পনির আফগানি! পরোটা বা নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Friday, December 15, 2023, 20:57 [IST]
X
Desktop Bottom Promotion