চায়ের সঙ্গে স্বাস্থ্যকর ‘টা’ হতে পারে লেমন কর্ন, দেখে নিন রেসিপি

Posted By:

উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম উৎস হল ভুট্টা। এর মধ্যে রয়েছে ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্যও উপকারী। এছাড়াও, যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাঁদের জন্যও ভুট্টা খুব উপকারী।

কয়লার আঁচে পুড়িয়ে সামান্য নুন-লেবু মাখিয়ে দুর্দান্ত খেতে লাগে ভুট্টা। তবে ভুট্টা মানেই তো পোড়া, পপকর্ন অথবা সেদ্ধ নয়। চায়ের আসরে ভুট্টা দিয়ে বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর অথচ মুখরোচক খাবার লেমন কর্ন। দেখে নিন রেসিপি।

Lemon Corns Recipe

লেমন কর্ন তৈরির উপকরণ

২৫০ গ্রাম ভুট্টা, ১ চা চামচ ওরেগানো, ২ টেবিল চামচ পাতিলেবুর রস, পরিমাণমতো জল, ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ চা চামচ পেপরিকা, পরিমাণমতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো সাদা তেল।

লেমন কর্ন তৈরির পদ্ধতি

ভুট্টাগুলি নুন জলে সিদ্ধ করে নিন খানিকক্ষণ। তারপর গরম জল ঝরিয়ে নিয়ে ঠাণ্ডা জলে সেদ্ধ ভুট্টা ধুয়ে ফেলুন। ভাল ভাবে জল ঝরিয়ে একটা পাত্রে রাখুন।

একটা বাটিতে কর্ন ফ্লাওয়ার, পাতিলেবুর রস, ওরেগানো, পেপরিকা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প জল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই মিশ্রণে সেদ্ধ ভুট্টা মিশিয়ে নিন।

ফ্রাইং প্যানে তেল গরম করতে বসান। তেল ভাল মতো গরম হলে ভুট্টাগুলো দিয়ে দিন। গোল্ডেন ব্রাউন রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে টিস্যু পেপারে তুলে নিন। টিস্যু পেপার ভুট্টার অতিরিক্ত তেল শুষে নেবে। একটা পাত্রে ভাজা ভুটাগুলো সাজিয়ে নিন। এর উপরে পাতিলেবুর রস ও লবণ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এর সঙ্গে পেঁয়াজ স্লাইস করে কেটেও দিতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 26, 2023, 20:09 [IST]
X
Desktop Bottom Promotion