চায়ের সঙ্গে নতুন কোনও তেলেভাজা খেতে চান? বানিয়ে ফেলুন রাঙা আলুর বল

Posted By:

শীতের সন্ধেয় গরমাগরম চা অথবা কফির সঙ্গে মুখরোচক কিছু খাওয়ার জন্য উতলা হয়ে ওঠে মন। চপ, পকোড়া, কাটলেট, কবিরাজি পেলে তো কোনও কথাই নেই। দোকান থেকে মাঝেমধ্যেই কিনে আনা হয় পছন্দের সব খাবার। কিন্তু রোজ রোজ বাইরের খাবার খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো নয়। সে ক্ষেত্রে বাড়িতেই চটজলদি কিছু বানিয়ে নিতে পারেন। ঘরে রাঙা আলু থাকলে তা দিয়েই বানিয়ে ফেলুন মুচমুচে স্ন্যাক্স। দেখে নিন রেসিপি।

উপকরণ

২টো রাঙা আলু, একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচানো, ২ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচানো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ব্রেড ক্রাম্বস পরিমাণমতো, আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ভাজার জন্য সাদা তেল।

sweet potato

রান্নার পদ্ধতি

খোসা সমেত মিষ্টি আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিন। ঠান্ডা হলে আলুর খোসা ছাড়িয়ে চটকে নিন। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো এবং ময়দা দিয়ে আলুটা ভালো করে মেখে নিন।

একটি ছোটো বাটিতে পরিমাণমতো জল নিয়ে তাতে কর্ন ফ্লাওয়ার গুলে রাখুন। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস ঢেলে রাখুন। কড়াইতে তেল গরম হতে দিন। এ বার আলুর মিশ্রণ থেকে ছোটো ছোটো বল বানিয়ে প্রথমে কর্ন ফ্লাওয়ারে ডুবিয়ে নিন। তারপর ব্রেড ক্রাম্বসে ভালো ভাবে কোট করে গরম তেলে ছাড়ুন। কম আঁচে ভাজবেন। লালচে হয়ে এলে তেল থেকে তুলে নিন। টিস্যু পেপারে রাখবেন, তাহলে অতিরিক্ত তেল শুষে নেবে। টমেটো সস এবং পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন মিষ্টি আলুর বল।

[ of 5 - Users]
Story first published: Thursday, December 14, 2023, 23:07 [IST]
X
Desktop Bottom Promotion