গরম ভাতের সঙ্গে দারুণ জমবে হরিয়ালি ভেটকি, রইল রেসিপি

Posted By:

ভোজনরসিক বাঙালির মৎসপ্রেম চিরন্তন। যে কোনও মাছই বাঙালির কাছে প্রিয়। আর যদি হয় ভেটকি মাছ, তা হলে তো কথাই নেই। সুস্বাদু নরম মাছ। মুখে দিলেই গলে যায়। কালিয়া হোক বা পাতুরি কিংবা ফিশ ফ্রাই - বহু রূপেই ভেটকি জয় করেছে বাঙালির মন। তবে ভিন্ন স্বাদের কোনও পদ খেতে চাইলে বানাতে পারেন হরিয়ালি ভেটকি। রইল প্রণালী।

উপকরণ

৫-৬ পিস ভেটকি মাছ, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, কাঁচালঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, রসুন বাটা, ফ্রেশ ক্রিম, রান্নার জন্য সাদা তেল।

hariyali bhetki Recipe

রান্নার পদ্ধতি

ভেটকি মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর মাছে নুন, গোলমরিচ গুঁড়ো এবং পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে আধ ঘণ্টা ঢেকে রাখুন। মিক্সিতে কাঁচালঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা আর সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে রসুন বাটা দিন। রসুন হালকা লাল হয়ে এলে তাতে ধনে পাতা-পুদিনা পাতা বাটা দিয়ে কষাতে থাকুন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো জল দিয়ে দিন। এর সঙ্গে নুন, চিনিও দিয়ে দেবেন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিন। মিনিট পাঁচেক পর কড়াইয়ের ঢাকনা খুলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে হবে। ঝোল মাখোমাখো হয়ে এলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা হরিয়ালি ভেটকি।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion