গরম ভাতের সঙ্গে জমিয়ে খান রাঁধুনি রুই, দেখে নিন রেসিপি

Posted By:

ভোজনরসিক বাঙালির পাত মাছ ছাড়া একেবারেই অসম্পূর্ণ। ঝোল হোক বা ঝাল, মাছের কোনও একটা পদ হলেই হল। তাই তো কথায় বলে 'মাছে ভাতে বাঙালি'। আজ মাছ-প্রেমী বাঙালির জন্য রইল রাঁধুনি রুই-এর রেসিপি। ধোঁয়া ওঠা গরম গরম ভাত আর রুই মাছের এই সুস্বাদু পদ থাকলেই জমে যাবে দুপুরের খাওয়া!

উপকরণ

৬-৭ পিস রুই মাছ, ২ চা চামচ রাঁধুনি, ২টো আলু ডুমো করে কাটা, টমেটো কুচি, এক টুকরো আদা, দু'টো তেজপাতা, আধা চা চামচ গোটা জিরা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সর্ষে তেল।

rohu fish recipe

প্রণালী

মাছগুলো ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বাটিতে অল্প জল নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রাখুন। নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে তুলে রাখুন। ওই তেলেই আলুর টুকরোগুলো ভেজে তুলে নিন।

কড়াইতে আরও একটু তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে ও এক চামচ রাঁধুনি ফোড়ন দিন। ফোড়ন একটু ভাজার পর সুন্দর গন্ধ ছাড়লে, ভিজিয়ে রাখা মশলা দিয়ে দিন। কষাতে থাকুন ভালো ভাবে। মশলা থেকে তেল বেরিয়ে এলে টমেটো কুচি ও ভাজা আলু দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিন।

খানিকক্ষণ পর ঢাকনা খুলে পরিমাণমতো গরম জল দিয়ে দিন কড়াইতে। ঝোল ফুটতে শুরু করলে কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আবার ঢাকনা চাপা দিন। এই সময় এক চামচ রাঁধুনির সঙ্গে আদা বেটে নিন। এই মশলাটা কড়াইতে দিয়ে দিন। সঙ্গে ভাজা মাছগুলোও দেবেন। আরও কিছুক্ষণ রান্না করার পর আঁচ নিভিয়ে দিন। সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন রাঁধুনি রুই।

টিপস

১) রুই মাছের পরিবর্তে কাতলা মাছও ব্যবহার করতে পারেন।

২) রাঁধুনি জলে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করবেন। কারণ অনেক সময় রাঁধুনিতে মাটি, ধুলোবালি থাকে।

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 11, 2023, 22:08 [IST]
X
Desktop Bottom Promotion