মুরগি দিয়ে নতুন কিছু রান্না ভাবছেন? চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিকেন চাঙ্গেজি

Posted By:

স্বাস্থ্যের কথা ভেবে পাঁঠার মাংসের থেকে অনেক আগেই মুখ ফিরিয়েছেন। এখন মুরগির মাংসই ভরসা। সপ্তাহে এক বা দু'দিন বাড়িতে চিকেন রান্না হয়েই থাকে। তবে মুরগির পাতলা আলুর ঝোলে অরুচি ঠেকলে বানিয়ে নিতে পারেন একটু ভিন্ন স্বাদের চিকেন চাঙ্গেজি। দিল্লির জনপ্রিয় একটি পদ এটি। এ বার বানাতে পারেন আপনার হেঁশেলেই। রইল রেসিপি।

উপকরণ

এক কেজি মুরগির মাংস (বড় সাইজের পিস হবে), তেজপাতা, জয়িত্রী, বড় এলাচ, দারুচিনি, গোটা গোলমরিচ, গোটা জিরা, আদা বাটা, রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন, সাদা তেল, পাতিলেবুর রস, ধনে পাতা কুচি।

Chicken Recipe

রান্নার পদ্ধতি

চিকেনটা ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বাটিতে মুরগির মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, সাদা তেল এবং পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।

কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে আদা রসুন বাটা দিয়ে মিনিট দেড়েক ভেজে নিন। তারপর টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। ৫-৭ মিনিট পর আঁচ নিভিয়ে মশলা ঠান্ডা করে নিন। তারপর মিক্সিতে এই মশলাটা দিয়ে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।

তাওয়া গরম করে তেল ব্রাশ করে নিন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তাওয়ায় চিকেনের পিসগুলো উল্টেপাল্টে ভালো ভাবে সেঁকে নিন।

কড়াইতে তেল ও মাখন একসঙ্গে গরম করে তেজপাতা, জয়িত্রী, বড় এলাচ, দারুচিনি, গোটা গোলমরিচ, গোটা জিরা ফোড়ন দিন। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ-টমেটোর পেস্টটা দিয়ে দিন। কম আঁচে মিনিট সাতেক কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছেড়ে এলে আদা কুচি, ধনে পাতা কুচি এবং রোস্ট করে রাখা চিকেন দিয়ে দিন। মশলার সঙ্গে চিকেন ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় নুন এবং পরিমাণমতো জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিন। মিনিট দশেক পর ঢাকনা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ভাত, পোলাও, রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে চিকেন চাঙ্গেজি।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion