কাতলা মাছ রাঁধুন এ ভাবে, শীতে গরম ভাতের সঙ্গে দারুণ জমবে!

Posted By:

কথাতেই বলে মাছে-ভাতে বাঙালি। খাওয়ার পাতে মাছ পড়লে বাঙালিকে আর আটকায় কে! ইলিশ, চিংড়ি, পাবদা, ট্যাংরা যতই খাওয়া হোক না কেন, বাঙালি বাড়িতে রুই-কাতলা ছাড়া চলে না। তবে সবসময় মাঝের ঝাল, ঝোল খেতে একেবারেই ভাল লাগে না। তাই আজ আপনাদের জন্য রইল কাতলার একটু অন্য রকমের একটি রেসিপি।

উপকরণ

৪-৫ পিস কাতলা মাছ, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা, টমেটো কুচি, চারমগজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি, রান্নার জন্য সর্ষের তেল।

katla fish curry

রান্নার পদ্ধতি

প্রথমে মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে মিনিট দশেক ঢাকা দিয়ে রাখুন। কড়াইতে সর্ষে তেল গরম করে মাছের টুকরোগুলো ভালো করে ভেজে তুলে রাখুন। খুব বেশি কড়া করে ভাজবেন না এতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়।

ওই কড়াইতেই আরও একটু তেল গরম করে তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা দিয়ে দিন। পেঁয়াজ একটু ভাজা হলে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং সামান্য জল দিয়ে মশলাটা কষাতে থাকুন। মশলা কষে এলে দিয়ে দিন টমেটো কুচি। সেটাও মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।

টমেটো মশলার সঙ্গে ভালো ভাবে মিশে গেলে চারমগজ বাটা দিতে হবে। কয়েক মিনিট কষিয়ে নিন। সামান্য চিনিও দিয়ে দেবেন। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে কড়াই ঢাকা দিন। আঁচ কমিয়ে ফুটতে দিন অন্তত ১০ মিনিট।

ঝোল ফুটে ফুটে কিছুটা কমে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ধনে পাতা কুচি ছড়িয়ে আবারও ঢাকনা চাপা দিন। এক মিনিট পর আঁচ নিভিয়ে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা কারি।

[ of 5 - Users]
Story first published: Saturday, January 20, 2024, 21:47 [IST]
X
Desktop Bottom Promotion