Food Coma: দুপুরে ভরপেট খাওয়ার পরেই ঘুম পায়? কী ভাবে করবেন সমস্যার সমাধান?

দুপুরে পেট ভরে খাওয়াদাওয়া পরই চোখ যেন ঘুমে ঢুলে আসে। চেষ্টা করেও চোখ খোলা রাখা যায় না। বার বার হাই উঠতে থাকে। কমবেশি সকলেই এই সমস্যায় ভোগেন। চিকিৎসকেরা বলছেন, খাবার পরের এই ক্লান্তিভাব 'ফুড কোমা' নামে পরিচিত। এই অবস্থাকে 'পোস্টপ্রানডিয়াল সমনোলেন্স'ও বলা হয়।

কর্মব্যস্ততার মাঝে কোনও রকমে খাওয়াদাওয়া সেরে কাজে বসা হয়। কিন্তু শরীর ঝিমিয়ে পড়ায় কাজে ব্যাঘাত ঘটে। তাই ঘুম ঘুম ভাব কাটাতে কয়েকটি বিষয় মেনে চলতে হবে।

Food Coma

স্বাস্থ্যকর খাবার খান

দুপুরের খাবারে ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার রাখুন। ফাইবারে ভরপুর ফলমূল, শাকসব্জি এবং শস্যজাতীয় খাবার খেতে পারেন। এতে হজম ভালো হবে, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকবে। ফলে আপনার ঘুম ঘুম ভাব দূর হবে।

এই খাবার খাবেন না

বিরিয়ানি, পিৎজা, বার্গার, পেস্ট্রি, কেকের মতো খাবার খেলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে। অতিরিক্ত তেল মশলাদার বা চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলুন। রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। প্রক্রিয়াজাত খাবার এবং কার্বোনেটেড সফ্ট ড্রিঙ্কসও দুপুরে খাবেন না। অতিরিক্ত চিনি এবং চর্বি দুপুরে খেলেই ঘুম পাবে।

অল্প অল্প খান

খুব বেশি খাবার এক বারে খাবেন না। সারা দিন অল্প অল্প খাবার বারে বারে খান। খাবার একটু চিবিয়েই গিলে ফেলবেন না। বরং খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। আর খেয়েই এক জায়গায় বসে থাকবেন না, একটু হাঁটাহাঁটি করুন।

প্রচুর জল পান করুন

খাবারের আগে ও পরে প্রচুর পরিমাণে জল পান করুন। এতে হজম ভালো হবে এবং শরীর হাইড্রেট থাকবে।

ক্যাফেইন গ্রহণ কমান

খাবার খাওয়ার আগেই অথবা পরপরই ক্যাফেইনযুক্ত পানীয় (চা, কফি) না খাওয়াই ভালো। এতে ঘুম এবং হজমে গন্ডগোল হয়।

পর্যাপ্ত ঘুম

রাতে সাত-আট ঘণ্টার ঘুম যেন সম্পূর্ণ হয়, সে দিকে নজর রাখুন। রাতে ঘুম ঠিকঠাক হলেই সারা দিন আলসেমি বোধ হয় না। ঘুম ভালো হলে শরীরে লেপটিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের খাবার পরিপাকে সাহায্য করে। খাওয়ার পর এই হরমোন আমাদের মস্তিষ্কে জানান দেয় যে, আমাদের পেট ভরা। তবে ঘুম ঠিকমতো না হলে শরীরে গ্রেলিন নামক হরমোন ক্ষরণ বেড়ে যায়, যার ফলে আরও বেশি খিদে পায়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Thursday, January 4, 2024, 21:24 [IST]
X
Desktop Bottom Promotion