Almonds Side Effects: আমন্ড খাওয়া উপকারী, তবে বেশি খেলেই মারাত্মক রোগের শিকার হবেন!

Almonds Side Effects: আমন্ডের অনেক গুণ। ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বাদাম নানা রোগব্যাধি প্রতিরোধ করতে পারে। সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই বাদাম খেলে অতিরিক্ত উপকার মেলে, এমনই মত অনেকের।

অতিরিক্ত আমন্ড খাওয়াও আবার বিপদ! তখন উপকারের পরিবর্তে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আসুন জেনে নেওয়া যাক, আমন্ড বেশি খেলে শরীরের কী কী ক্ষতি হয়।

Almonds Side Effects

ভিটামিন ই এর পার্শ্বপ্রতিক্রিয়া

আমন্ডে ভিটামিন ই থাকে প্রচুর পরিমাণে। ত্বক, চোখ সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ই এর জুড়ি মেলা ভার। তাই শরীরে ভিটামিনের চাহিদা মেটাতে প্রতিদিন একমুঠো আমন্ড খাওয়া যেতেই পারে। তবে পরিমাণটা বুঝে খেতে হবে। কারণ শরীরে ভিটামিন ই বেশি হয়ে গেলে আবার স্বাস্থ্যের ক্ষতি হয়। ডায়ারিয়া, পেটে ব্যথা এবং হজম সংক্রান্ত অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

ওজন বাড়তে পারে

আমন্ডে প্রচুর পরিমাণে ফ্যাট এবং ক্যালোরি রয়েছে। অতিরিক্ত ক্যালোরি শরীরে গেলে ওজন বাড়তে পারে। আর ওজন বাড়লেই দেখা দেবে যত রোগভোগ। তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।

কিডনিতে পাথর হতে পারে

এতে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। আর এই অক্সালেটই কিডনিতে পাথর তৈরি করে। দিনের পর দিন অত্যধিক পরিমাণে আমন্ড খেলে শরীরে অক্সালেট যায় বেশি। ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। তাই কিডনির সমস্যা এড়াতে বেশি আমন্ড না খাওয়াই ভালো।

অন্যান্য পুষ্টির শোষণে বাধা দেয়

আমন্ডে ফাইটিক অ্যাসিড নামে একটি যৌগ থাকে। শরীর ক্যালশিয়াম, জিঙ্ক এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজগুলি হজম করতে গেলে এই ফাইটিক অ্যাসিড বাধার সৃষ্টি করে। তাই আমন্ড পুষ্টিকর খাবার হলেও, অত্যধিক পরিমাণে এই বাদাম খেলে শরীরে এই সব খনিজের ঘাটতি দেখা দিতে পারে।

বাদামে অ্যালার্জি

অনেকেরই বাদামে অ্যালার্জি আছে। আমন্ড খাওয়ার ফলেও অ্যালার্জি দেখা দিতে পারে। আমবাত, মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট এবং অ্যানাফিল্যাক্সিসের মতো গুরুতর শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

আমন্ড খাবেন কী ভাবে?

-আমন্ডের সর্বাধিক স্বাস্থ্য উপকারিতা পেতে হলে, সারারাত জলে ভিজিয়ে রাখুন কয়েকটা আমন্ড। পরদিন সকালে খোসা ছাড়িয়ে খান।

-ঘি দিয়ে আমন্ড ভেজে খেতে পারেন। এ ছাড়া, স্মুদিতেও আমন্ড মেশাতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion