Peanuts Health Benefits: রোজ একমুঠো চিনাবাদামেই কমবে ওজন, সুস্থ থাকবে হৃদ্‌যন্ত্র!

Peanuts Health Benefits: পুষ্টিকর খাবারের তালিকায় বাদামের স্থান উপরের দিকেই। আমন্ড, আখরোট, কাজুবাদাম, পেস্তার গুণাগুণ নিয়ে বলাই বাহুল্য। তবে এই তালিকায় চিনাবাদামও কিন্তু পিছিয়ে নেই। সারা দিনে কাজের ফাঁকে টুকটাক মুখ চালাতে চিনাবাদামের চেয়ে ভালো বিকল্প হয় না! প্রোটিন, ভিটামিন এবং খনিজে ভরপুর এই বাদাম বহু অসুখ প্রতিহত করতে সাহায্য করে। ডায়াবেটিস বা হার্টের রোগ থাকলেও খাওয়া যায় চিনাবাদাম। তবে তা অবশ্যই খেতে হবে পরিমিত পরিমাণে।

চলুন জেনে নেওয়া যাক, একমুঠো চিনাবাদাম খেলে কী কী উপকার পাওয়া যেতে পারে।

peanuts health benefits

প্রোটিনে ভরপুর

সামগ্রিক সুস্থতার জন্য শরীরে পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন। প্রোটিনের অভাবে গুরুতর সব শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পুষ্টিবিদেরা বলছেন, একমুঠো চিনাবাদাম উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো একটি উৎস। প্রায় ৭-৯ গ্রাম প্রোটিন সরবরাহ করতে পারে চিনাবাদাম, যা একটি ডিমে পাওয়া প্রোটিনের সমতুল্য।

স্বাস্থ্যকর ফ্যাট

চিনাবাদামে মূলত মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হার্টের জন্য খুবই ভালো। মনোস্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। আর, পলিআনস্যাচুরেটেড ফ্যাটে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগের ঝুঁকি কমায়।

হজমে সাহায্য করে

প্রচুর পরিমাণে ফাইবার থাকে চিনাবাদামে। নিয়মিত একমুঠো বাদাম খেলে হজমের সমস্যা থাকে না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। তাছাড়া, চিনাবাদামের ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী।

ভিটামিন এবং খনিজে পরিপূর্ণ

ভিটামিন ই, ভিটামিন বি, ফোলেট, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের মতো নানা ধরনের উপাদানে পরিপূর্ণ এই বাদাম। হাজারো রোগ-ব্যাধির হাত থেকে বাঁচায় এই উপাদানগুলি। শরীর সুস্থ ও ফিট রাখে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

অধিকাংশ মানুষেরই ধারণা, বাদাম খেলে দেহের মেদ বেড়ে যায়। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ওজন বাড়ানোর পরিবর্তে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চিনাবাদাম। কারণ, চিনাবাদামে প্রোটিন এবং ফাইবারের পরিমাণ বেশি হলেও ক্যালোরির পরিমাণ কম। একমুঠো চিনাবাদাম অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। ফলে ওজনও থাকে নিয়ন্ত্রণে।

X
Desktop Bottom Promotion