শীতে বাড়তে পারে সুগার লেভেল, ঝুঁকি এড়াতে ডায়াবেটিকরা কোন খাবারগুলি খাবেন?

Best Food for Diabetes: শীতকাল মানেই খাওয়াদাওয়ার মরশুম। বিয়েবাড়ি, পিকনিক, বড়দিন, নিউ ইয়ার, সংক্রান্তি - একের পর এক লেগেই থাকে অনুষ্ঠান। প্রায় দিনই কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া চলে। সব মিলিয়ে ডায়াবেটিস রোগীদের কাছে কিন্তু ব্যপারটা মোটেই ভালো নয়। শীতের বাহারি খাবারদাবারের প্রলোভনে পা দিলেই বেড়ে যায় রক্তের শর্করার মাত্রা। তাই এই মরশুমে ডায়াবেটিকদের সাবধানে থাকা জরুরি।

ডায়াবিটিস হাতের মুঠোয় রাখতে নিয়ম মেনে ওষুধ খাওয়ার পাশাপাশি, স্বাস্থ্যকর শাকসবজি ডায়েটে শামিল করা জরুরি। শীতকালে যাতে কোনও বাড়াবাড়ি না হয় তা নিশ্চিত করতে কোন খাবারগুলি বেশি করে খাবেন, জেনে নিন।

best food for diabetes

সবুজ শাক (Leafy Greens)

শীতে শরীরের যত্ন নেয় সবুজ শাকসব্জি। পালং শাক এবং কালে-র মতো শাকে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেলস, ভিটামিন থাকে। এই সব শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ফুলকপি এবং ব্রকোলি (Cauliflower and Broccoli)

শীতকালীন ডায়েটে অবশ্যই রাখুন ফুলকপি এবং ব্রকোলির মতো সবজি। ফাইবার সমৃদ্ধ এই সব সবজি হজমশক্তি বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে।

আলু (Potato)

মিষ্টি আলু এবং গাজরের মতো সবজি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। তাই পুষ্টিকর এই সবজিগুলি অবশ্যই শীতকালীন ডায়েটে রাখুন।

বাদাম এবং বীজ (Nuts and Seeds)

বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আখরোট, কাঠবাদাম এবং চিয়া বীজে রয়েছে ভরপুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিন। ভিতর থেকে শরীর চনমনে রাখতেও এই খাবারগুলির জুড়ি মেলা ভার।

মশলা (Spices)

দারুচিনি এবং হলুদের মতো বেশ কিছু মশলা ডায়াবেটিসের ক্ষেত্রে ওষুধের মতো কাজ করে। এগুলিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহজনিত যে কোনও সমস্যার সমাধান করে। সেই সঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও দারুণ কার্যকর এই মশলাগুলি।

ফ্যাটি ফিশ (Fatty Fish)

শীতকালীন ডায়েটে স্যামন, টুনা, সার্ডিনের মতো ওমেগা ৩ সমৃদ্ধ মাছ অন্তর্ভুক্ত করুন। এই সব সামুদ্রিক খাবার হার্টের জন্য অত্যন্ত উপকারী, ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। সেই সঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও দারুণ কার্যকর।

কমলালেবু (Orange)

টক-মিষ্টি স্বাদের কমলালেবু ছোটো বড় সকলেরই খুব পছন্দের। নানা গুণে সমৃদ্ধ এই ফল শরীরেরও যত্ন নেয়। ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, ফোলেট, বিটা-ক্যারোটিন এবং ফ্ল্যাভোনয়েডের মতো পুষ্টিগুণে ভরপুর কমলালেবু। ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। রক্তে শর্করার মাত্রা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, এর পাশাপাশি হজমশক্তিও বাড়ায় কমলালেবু।

কমলালেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি, শরীরের অন্দরে আরও অনেক রোগের সঙ্গে লড়তে সাহায্য করে।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion