ধোকার ডালনা বানান চিংড়ি দিয়ে! গরম ভাতের সঙ্গে জমবে দারুণ

Posted By:

নিরামিষ রান্নার মধ্যে ধোকার ডালনা বেশ জনপ্রিয় একটি পদ। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে এই পদ। আবার পোলাও, ঘি ভাতের সঙ্গেও খেতে মন্দ লাগে না। কিন্তু চিংড়ির ধোকা খেয়েছেন কখনও? আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন। ডাল কিংবা রেডিমেড প্যাকেটের ধোকা নয়, এ হল চিংড়ি মাছ দিয়ে ধোকার ডালনা। বাঙালির হারিয়ে যাওয়া একটি পদ এটি। পরিবারের সকলকে তাক লাগিয়ে দিন চিংড়ির ধোকা খাইয়ে! দেখুন কী ভাবে বানাবেন।

Chingri Macher Dhokar Dalna

উপকরণ
চিংড়ি মাছ, ছোলার ডাল, নারকেল কোরা, নারকেল দুধ, কাজুবাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, টমেটো পিউরি, গোটা গরম মশলা, ১টা তেজপাতা, ২টো শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো ঘি ও তেল।

বানানোর পদ্ধতি
চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিন। শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। ছোলার ডাল বেশ কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর সেটাও বেটে নিন। একটি বাটিতে চিংড়ি বাটা, স্বাদমতো নুন এবং নারকেল কোরা একসঙ্গে মেখে ফেলুন। কড়াইয়ে তেল গরম করে এক চামচ পেঁয়াজ বাটা ও আধা চামচ আদা-রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ ও আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিন চিংড়ি বাটা। ভাজুন বেশ কিছুক্ষণ। তারপর এতে দিয়ে দিন ডালবাটা। সবকটি উপকরণ মিশিয়ে নিন।

একটি থালায় আগে থেকে সামান্য তেল মাখিয়ে রাখুন। সব উপকরণ ভালো ভাবে মিশে জমাট বেঁধে গেলে, তেল মাখানো থালায় মিশ্রণটি ঢেলে খুন্তি দিয়ে পুরোটা ছড়িয়ে দিন। চিংড়ির মিশ্রণটি একটু ঠান্ডা হলে বরফির আকারে ধোকার মতো আকারে কেটে ফেলুন। ধোকাগুলো গরম তেলে বাদামি করে ভেজে নিন।

এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিন পেঁয়াজ বাটা। একটু নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিন আদা ও রসুন বাটা। আদা-রসুন একটু ভেজে নিয়ে টমাটো বাটাও দিয়ে দেবেন।

এর পর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলা কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে কাজুবাদাম বাটা এবং নারকেলের দুধ দিয়ে মিশিয়ে দিন। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফোটান। গ্রেভি কিছুক্ষণ ফোটার পর এতে একে একে চিংড়ির ধোকাগুলি দিয়ে দিন। আরও খানিকক্ষণ ফোটানোর পর সবশেষে ঘি এবং গরম মশলা গুঁড়ো উপরে ছড়িয়ে দিন। ব্যস, তৈরি চিংড়ি মাছের ধোকার ডালনা! গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion