বাড়িতে রাঙা আলু আছে? বানিয়ে ফেলুন মুচমুচে ফেঞ্চ ফ্রাই

Posted By:

ফেঞ্চ ফ্রাই খেতে কার না ভালো লাগে! রেস্তরাঁয় গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না খেলেই চলে না। ফ্রায়েড চিকেন, বার্গার অথবা ফিশ ফ্রাইয়ের সঙ্গে দেওয়া ফ্রেঞ্চ ফ্রাই নিমেষে উধাও হয়ে যায় থালা থেকে। তবে ফ্রেঞ্চ ফ্রাই খেতে তো আর সব সময় রেস্তরাঁয় যাওয়া সম্ভব নয়। তাই অনেকে বাড়িতেই বানান।

ফেঞ্চ ফ্রাইকে আমরা অনেকেই আলু ভাজার সঙ্গে তুলনা করি। কিন্তু আলু ভাজা ও ফেঞ্চ ফ্রাইয়ের মধ্যে রয়েছে বিস্তর তফাৎ। আলুভাজা মোটেও ফেঞ্চ ফ্রাইয়ের মতো ক্রিস্পি হয় না। সাধারণত আমরা গোল আলু দিয়েই ফেঞ্চ ফ্রাই বানিয়ে থাকি। তবে রাঙা আলু দিয়েও বানিয়ে ফেলতে পারেন মুচমুচে ফেঞ্চ ফ্রাই। রইল রেসিপির হদিশ।

Sweet Potato French Fries Recipe

রাঙা আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরির উপকরণ

একটা বড় মাপের রাঙা আলু, সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এক টেবিল চামচ চালের গুঁড়ো, ভাজার জন্য সাদা তেল।

রাঙা আলুর ফ্রেঞ্চ ফ্রাই রান্নার পদ্ধতি

আলুর খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো মোটা লম্বা করে কেটে নিন। তারপর বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। কারণ মিষ্টি আলুতে স্টার্চ বেশি থাকে। আর স্টার্চ বেশি থাকলে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হবে না। কমপক্ষে ৪-৫ বার ঠান্ডা জলে ভালো ভাবে ধুয়ে নিন। খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো আলু কিচেন টাওয়েলে রেখে মুছে নিন ঠিকমতো।

এরপর একটা বাটিতে আলুর টুকরোগুলো নিয়ে, তার সঙ্গে স্বাদমতো লবণ এবং চালের গুঁড়ো মাখিয়ে নিন। আপনি চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চও দিতে পারেন।

কড়াইতে বেশি করে সাদা তেল গরম করতে বসান। তেল গরম হলে আলুগুলো ছেড়ে দিন। মাঝারি আঁচে উল্টেপাল্টে ভাজতে থাকুন। আলুর রং বাদামী হলে তেল থেকে ছেঁকে টিস্যু পেপারের উপর তুলে নিন। এতে আলুর গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল শুষে নেবে টিস্যু পেপার।

গরম ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে, হাত দিয়ে আলতো করে উল্টেপাল্টে মাখিয়ে দেবেন। ব্যস, তৈরি হয়ে গেল রাঙা আলুর ফ্রেঞ্চ ফ্রাই। গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Monday, December 4, 2023, 21:37 [IST]
X
Desktop Bottom Promotion