আলুর দমের সঙ্গে কড়াইশুঁটির কচুরি নয়, বানিয়ে ফেলুন মরাঠি খাবার পুরান পলি!

Posted By:

কড়াইশুঁটির কচুরি আর ছোটো আলুর দম না হলে বাঙালির শীতকাল যেন ঠিক উপভোগ হয় না। তবে এ বার আলুর দমের সঙ্গে একটু অন্য ধরনের কিছু ট্রাই করে দেখতে পারেন। শীতের রাতে বানিয়ে ফেলুন মরাঠি খাবার পুরান পলি। কী ভাবে তৈরি করতে হয় জানেন? রইল তার রেসিপি।

পুরান পলি তৈরির উপকরণ

২ কাপ ময়দা, ২ কাপ আটা, ১ কাপ ছোলার ডাল, আধ কাপ গুড়, ঘি পরিমাণমতো, ১ চা চামচ গোটা মৌরি, আধা চা চামচ আদা গুঁড়ো, এক চিমটে জায়ফল গুঁড়ো, আধ চা চামচ ছোটো এলাচ গুঁড়ো।

Puran Poli Recipe

পুরান পলি তৈরির পদ্ধতি

ছোলার ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। একটা বড় বাটিতে আটা, ময়দা একসঙ্গে মিশিয়ে নিন। এতে সামান্য নুন, ঘি ও জল দিয়ে মেখে নিন ভালো ভাবে। আটার মণ্ড তৈরি হয়ে গেলে আধঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।

এ বার ভিজিয়ে রাখা ছোলার ডাল সেদ্ধ করে নিন। কড়াইতে ঘি গরম করে মৌরি ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তাতে আদা গুঁড়ো, জায়ফল গুঁড়ো এবং ছোটো এলাচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। মশলা একটু ভাজা ভাজা হলেই সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে এতে গুড় মিশিয়ে নিন। ক্রমাগত নাড়তে থাকবেন। খানিকক্ষণ পর ডাল একেবারে শুকনো হয়ে যাবে।

আটা-ময়দার মণ্ড থেকে লেচি কেটে তার মধ্যে ডালের পুর ভরে দিন। ময়দার গুঁড়ো ছড়িয়ে পরোটা বা রুটির মতো আকারে বেলে নিন। লোহার চাটু গরম করতে বসান। চাটু গরম হলে প্রথমে রুটিগুলো উল্টেপাল্টে সেঁকে নিন। তার পর উপর থেকে ঘি ছড়িয়ে একে একে ভেজে তুলুন। ব্যস, তৈরি হয়ে যাবে পুরান পলি! আলুর দমের সঙ্গে গরম গরম পুরান পলি পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 12, 2023, 18:29 [IST]
X
Desktop Bottom Promotion