বৃষ্টিভেজা সন্ধেয় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে? বানিয়ে ফেলুন কুচো চিংড়ির পকোড়া

Posted By:

বর্ষাকালে জানালার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দেওয়ার অনুভূতিই আলাদা। আর সঙ্গে যদি থাকে চপ অথবা পকোড়া, তাহলে তো কথাই নেই! কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে দোকানে তেলেভাজা কিনতে যেতে একেবারেই ইচ্ছা করে না। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন নিজের পছন্দের তেলেভাজা।

আলুর চপ, পেঁয়াজি, শিঙাড়া তো প্রায়ই খাওয়া হয়। নতুন স্বাদের কিছু খেতে চাইলে বানাতে পারেন কুচো চিংড়ির পকোড়া। মাত্র কয়েকটি উপকরণেই তৈরি করতে পারবেন এটি। দেখে নিন কী ভাবে বানাবেন।

চিংড়ি পকোড়ার উপকরণ

এক কাপ কুচো চিংড়ি, ২টো ডিম, আদা ও রসুন বাটা, ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, ২ টেবিল চামচ ভিনেগার, ২ টেবিল চামচ সয়া সস, আধা কাপ কর্নফ্লাওয়ার, আধা কাপ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, ভাজার জন্য সাদা তেল।

Prawn Pakora Recipe

চিংড়ি পকোড়া তৈরির পদ্ধতি

চিংড়িগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। চিংড়ি মাছের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, সয়া সস, ভিনেগার, নুন, হলুদ গুঁড়ো ভাল করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার এবং ডিম একসঙ্গে ফেটিয়ে ব্যাটার বানিয়ে নিন।

কড়াইয়ে তেল গরম করে নিন ভাল করে। মশলা মাখানো চিংড়ি থেকে অল্প অল্প করে নিয়ে কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছাড়ুন। উল্টেপাল্টে লালচে করে ভেজে নিন সবকটা পকোড়া। কফি বা চায়ের সঙ্গে জমিয়ে খান গরম গরম কুচো চিংড়ির পকোড়া।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion