দুপুরে গরম ভাতের সঙ্গে পাতে পড়ুক ওল চিংড়ির ডালনা, জমে যাবে ভূরিভোজ

Posted By:

ওল দিয়ে তৈরি নানা পদ হয়ত খেয়েছেন, কিন্তু ওলের সঙ্গে চিংড়ি মাছের কোনও পদ ট্রাই করেছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে একবার চেখে দেখতেই পারেন ওল চিংড়ির ডালনা। এই পদটি বানানো খুবই সহজ, আর খেতেও অসাধারণ। একবার খেলে বারবার খেতে মন চাইবেই! তাহলে দেখে নিন কী ভাবে বানাবেন ওল চিংড়ির ডালনা।

OL Chingri Dalna

উপকরণ

৩০০ গ্রাম ওল

১৫০ গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ

একটা বড় সাইজের আলু

পরিমাণমতো সর্ষে তেল

স্বাদমতো নুন

পরিমাণমতো হলুদ গুঁড়ো

একটা তেজপাতা

হাফ চা চামচ গোটা জিরে

হাফ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো

হাফ চা চামচ ধনে গুঁড়ো

হাফ চা চামচ জিরে গুঁড়ো

কয়েকটা কাঁচা লঙ্কা

তৈরির পদ্ধতি

১) ওল ভাল করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিন। নুন জলে সেদ্ধ করে নিন ওলের টুকরোগুলো। সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দিন।

২) চিংড়িগুলো ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিন। আলু টুকরো করে কেটে নেবেন।

৩) কড়াইতে সর্ষে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিন।

৪) ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে তেজপাতা ও জিরে ফোড়ন দিন।

৫) আলু দিয়ে ভেজে নিন হালকা করে। তারপর ওলের টুকরো ও নুন দিয়ে ভেজে নিন ভাল করে।

৬) একটা বাটিতে হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিন।

৭) এই পেস্টটা তরকারিতে দিয়ে কষিয়ে নিন ভাল করে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাতে থাকুন।

৮) এর পর চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।

৯) কষানো হয়ে গেলে পরিমাণমতো গরম জল দিয়ে তরকারি ফোটান। স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দেবেন। কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিন।

১০) বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারি ফোটানোর পর নামিয়ে নিন। ব্যস তৈরি ওল চিংড়ির ডালনা! গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Monday, July 18, 2022, 20:35 [IST]
X
Desktop Bottom Promotion