একঘেয়ে ম্যাগিতে অরুচি? ঝটপট বানিয়ে ফেলুন লোভনীয় 'নুডলস কাটলেট', রইল রেসিপি

Posted By:

কর্মব্যস্ততার যুগে রান্নার সময় টুকুও ঠিকমতো পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠেই অফিস বেরোনোর তাড়া পড়ে যায়। অগত্যা ভরসা রাখতে হয় ইন্সট্যান্ট খাবারের উপর। ফলে বাজারে দিন দিন চাহিদা বাড়ছে ইন্সট্যান্ট খাবারের।

দু'মিনিটে মুখরোচক খাবার বলতে প্রথমেই আসে ম্যাগির নাম। রান্নার ঝঞ্ঝাটও নেই, আর পেটও ভরে। খেতেও বেশ সুস্বাদু। ইয়ং জেনারেশনের অধিকাংশই তাই ভরসা রাখে ম্যাগিতে। কিন্তু ম্যাগিও একই রকম ভাবে খেতে খেতে একসময় মুখে রোচে না।

noodles cutlet recipe

চেনা ছকের বাইরে গিয়ে অন্য রকম ভাবেও কিন্তু রান্না করা যায় ম্যাগি। শীতের বিকেলে গরমাগরম এক কাপ চায়ের সঙ্গে থাকুক ম্যাগি নুডলস কাটলেট। দেখে নিন কী ভাবে বানাবেন।

উপকরণ

এক প্যাকেট ম্যাগি নুডলস, ২টো সিদ্ধ আলু, একটা ডিম, পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ম্যাগি মশলা, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ব্রেড ক্রাম্বস, ভাজার জন্য সাদা তেল।

প্রণালী

ম্যাগি সিদ্ধ করে জলটা ভালো ভাবে ঝরিয়ে নিন। মশলা ছাড়াই সিদ্ধ করতে হবে। একটা বাটিতে সিদ্ধ ম্যাগির সঙ্গে আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিন। হাত দিয়েই চটকে মাখাতে হবে।

কড়াইতে তেল গরম করতে বসান। দুই হাতে একটু তেল মেখে নিন। ম্যাগির মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাতে চেপে কাটলেটের আকারে গড়ুন। একটা বাটিতে ডিম ফেটিয়ে রাখবেন। প্রথমে কাটলেটগুলো ডিমের গোলায় ডুবিয়ে নিন ভালো ভাবে। তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে ভাজতে থাকুন।

কাটলেটগুলো উল্টেপাল্টে সোনালী বাদামী করে ভেজে তুলে নিন। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে নুডলস কাটলেট!

[ of 5 - Users]
Story first published: Friday, January 5, 2024, 19:47 [IST]
X
Desktop Bottom Promotion