বর্ষশেষের দিনে বাড়িতেই হোক স্পেশ্যাল মটন রোগান জোশ! রইল রেসিপি

Posted By:

ছুটির দিনে জমিয়ে খাওয়াদাওয়া না হলে চলে! তার উপর আবার বছরের শেষ দিন বলে কথা। মেনুতে পাঁঠার মাংস থাকা চাই-ই চাই। তবে সবসময় কি আর পাতলা মাংস ঝোল ভালো লাগে! এ বার বানিয়ে ফেলুন সুস্বাদু কাশ্মীরি পদ মটন রোগান জোশ। কাশ্মীরি মশলার স্বাদে মটনের এই পদ গরমাগরম ভাতের সঙ্গে জমবে দারুণ।

উপকরণ

এক কেজি পাঁঠার মাংস, গোটা গরম মশলা, হিং পাউডার, ২টো বড় এলাচ, ১টা তেজপাতা, এক চামচ গরম মশলা গুঁড়ো, ঘি পরিমাণমতো, রতনজোট রুট, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, রান্নার জন্য সর্ষে তেল।

Mutton rogan josh recipe

রান্নার পদ্ধতি

পাঁঠার মাংস ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে টক দই, মৌরি গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হিং ভালো করে মিশিয়ে রাখুন। অন্য একটা পাত্রে মাংস নিয়ে মশলা ও টক দই মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিন।

প্রেশার কুকারে সর্ষে তেল গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্য়ারিনেট করে রাখা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কষিয়ে নিন বেশ কিছুক্ষণ। এ বার আগে থেকে তৈরি করে রাখা দই মশলার পেস্ট এবং নুন দিয়ে দিন মাংসের মধ্যে। আবারও কষাতে থাকুন। মটনের সঙ্গে মশলা ভালো করে মিশে গেলে কুকারের ঢাকনা বন্ধ করে দিন। ৪ থেকে ৫টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। আঁচ বাড়িয়ে ৪ থেকে ৫টা সিটি দেওয়ার পর গ্যাস একেবারে কমিয়ে দিন। তারপর হালকা আঁচে ১টা সিটি দিয়ে নামিয়ে নিন। কুকারের ঢাকনা খুলে দেখে নিন মাংস ঠিকমতো সেদ্ধ হল কিনা।

একটি পাত্রে ঘি গরম করুন। তার মধ্যে দিন রতনজোট। ঘি ফুটতে শুরু করলে দেখুন তার রঙ বদলাচ্ছে কিনা। ঘিয়ের রঙ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর লাল রঙের ঘি রান্না করা মটনের উপর ছড়িয়ে হাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিন ভালো করে। গরম গরম পরিবেশন করুন মটন রোগান জোশ!

[ of 5 - Users]
Story first published: Saturday, December 30, 2023, 23:46 [IST]
X
Desktop Bottom Promotion