একঘেয়ে মটনের ঝোল খেয়ে বিরক্ত? এবার রেঁধে ফেলুন নিহারী!

Posted By:

দুপুরের খাবার পাতে গরম ভাত আর পাঠার মাংসের ঝোল হলে আর কি চাই! তবে সবসময় সেই একঘেয়ে মাংসের ঝোল খেতে কারুরই ভালো লাগে না। এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মটন নিহারী। রইল রেসিপির হদিশ।

মটন নিহারীর উপকরণ

এক কেজি খাসির মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ময়দা ২ টেবিল চামচ, এক চামচ পাতিলেবুর রস, স্বাদমতো নুন, ৪ টেবিল চামচ ঘি, রান্নার জন্য তেল।

Mutton Nihari Recipe

মটন নিহারী তৈরির পদ্ধতি

মটন ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর প্রেশার কুকারে মটন সেদ্ধ করে নিন। মটনের স্টকটা আলাদা করে অন্য পাত্রে রেখে দিন। কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে করে ভাজা হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। অল্প জলও দিতে পারেন।

মশলা কষানোর পর সেদ্ধ মটন দিয়ে দিন। মশলার সঙ্গে ভালো ভাবে কষিয়ে নিন। তারপর মটনের অর্ধেক স্টক দিয়ে কম আঁচে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দেবেন।

একটি ছোটো বাটিতে ময়দা ও বাকি মটনের স্টক খুব ভালো করে মিশিয়ে মাংসের উপর ঢেলে দিন। আরও মিনিট দশেক রান্না হতে দিন যাতে মাংসের গ্রেভি ঘন হয়ে যায়। রান্না হয়ে গেলে পাতিলেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন নিহারী।

[ of 5 - Users]
Story first published: Friday, November 17, 2023, 19:50 [IST]
X
Desktop Bottom Promotion