Methi Malai Chicken Recipe: চিকেন কারির বদলে বানিয়ে ফেলুন মেথি মালাই চিকেন, রইল রেসিপি

Posted By:

চিকেন (Chicken) যে ধাঁচেই রান্না করা হোক না কেন, স্বাদে তার কোনও তুলনা হয় না। চিকেনের যে কোনও পদই সকলের বেশ প্রিয়। বাঙালি বাড়িতে ছুটির দিনে তো মুরগির মাংস মাস্ট। বেশিরভাগ সময়ই আমরা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খেয়ে থাকি। এবার চিকেনের এক অন্যরকম পদ রান্না করে ফেলুন। পদটির নাম মেথি মালাই চিকেন। গরম ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে এই পদটি খেতে পারেন।

Methi Malai Chicken Recipe

মেথি মালাই চিকেনের উপকরণ

৫০০ গ্রাম মুরগির মাংস

মালাই পরিমাণমতো

আধ কাপ টক দই

আদা ও রসুন বাটা

টোম্যাটো পিউরি

কাজুবাদাম বাটা

হলুদ গুঁড়ো

ধনে গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

গোলমরিচ গুঁড়ো

কয়েকটা কাঁচা লঙ্কা

২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি

গোটা গরম মশলা

১ টেবল চামচ কসৌরি মেথি

১ চা চামচ জায়ফল ও জয়িত্রী গুঁড়ো

১ চা চামচ লেবুর রস

পরিমাণমতো তেল

স্বাদমতো নুন ও চিনি

মেথি মালাই চিকেন তৈরির পদ্ধতি

১) লেবুর রস দিয়ে মুরগির মাংস ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ।

২) কড়াইতে তেল গরম করে চিকেন ভেজে তুলে নিন।

৩) ওই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন।

৪) এবার আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, টোম্যাটো পিউরি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।

৫) মশলা কষানো হলে টক দই, নুন, চিনি, কাজুবাদাম বাটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিন ভেজে রাখা চিকেন। মিশিয়ে নিন সবকটি উপকরণ। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দিন।

৬) চিকেন সেদ্ধ হয়ে এলে কসৌরি মেথি, জায়ফল ও জয়িত্রী গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করুন। তারপর মালাই দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখুন।

৭) রান্না হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে পরিবেশন করুন মেথি মালাই চিকেন।

[ of 5 - Users]
Story first published: Thursday, February 2, 2023, 20:28 [IST]
X
Desktop Bottom Promotion