অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলুন দক্ষিণী কায়দার মালাবার চিকেন, রইল রেসিপি

Posted By:

বাঙালি বাড়িতে সপ্তাহে এক-দু'দিন মুরগির মাংস হয়েই থাকে। তবে বেশিরভাগ সময় মুরগি দিয়ে কষা বা আলু ঝোলই রান্না হয়। সবসময় একই স্বাদের পদ খেতে কারুরই ভালো লাগে না। এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন দক্ষিণী কায়দার চিকেন। রইল মালাবার চিকেন কারির রেসিপি।

মালাবার চিকেন কারির উপকরণ

এক কেজি মুরগির মাংস, এক কাপ নারকেল কোরা, একমুঠো কারি পাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা ধনে, ৪-৫টা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা সর্ষে, মেথি, দারুচিনি স্টিক, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, একটা পাতিলেবু, রান্নার জন্য সাদা তেল, স্বাদ মতো নুন ও চিনি।

Malabar Chicken Curry

মালাবার চিকেন কারি রান্নার পদ্ধতি

মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে গোটা ধনে, গোটা জিরে, গোটা সর্ষে, মেথি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, দারুচিনি ফোড়ন দিন। ফোড়ন হালকা করে ভেজে নেওয়ার পর এতে নারকেল কোরা দিয়ে দিন। লালচে করে ভাজুন। এই মশলাটি ঠান্ডা করে মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নিন।

ওই কড়াইয়েই আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ হালকা লাল হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তার পর চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা আর মাংস দিয়ে নাড়াচাড়া করুন। এর পর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর পাতিলেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছেড়ে এলে বেটে রাখা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিন। প্রয়োজন হলে সামান্য জল ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে মাংস সেদ্ধ করে নিন। রান্না হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ বন্ধ করে কড়াইটা আরও মিনিট পাঁচেক ঢেকে রাখুন। ব্যস, তৈরি হয়ে গেল মালাবার চিকেন কারি! গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা এই পদ।

[ of 5 - Users]
Story first published: Friday, December 8, 2023, 22:38 [IST]
X
Desktop Bottom Promotion