বেসন ও পাউরুটি দিয়ে বানিয়ে নিন মুচমুচে টোস্ট, রইল রেসিপি

Posted By:

Bread Besan Toast: সকাল বিকেলের জলখাবার বানানো নিয়েই যত ঝঞ্ঝাট। সুস্বাদু খাবার না হলে বাড়ির কেউ খেতে চায় না। ছোটোরা তো বটেই, বড়দেরও মুখে রোচে না। স্যান্ডউইচ, দুধ-ওটস, দুধ-কর্নফ্লেক্স, দুধ-মুড়ি রোজ রোজ খেতে কারই বা ভালো লাগে। আর ইনস্ট্যান্ট নুডলস বা পাস্তা শরীরে পক্ষে যে কতটা খারাপ তা আমরা সকলেই জানি। তাহলে উপায়? উপায় আছে। বাড়িতে যদি বেসন আর পাউরুটি থাকে, তা দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু বেসন ব্রেড টোস্ট। জেনে নিন কী ভাবে তৈরি করবেন।

ব্রেড বেসন টোস্টের উপকরণ

স্লাইস পাউরুটি, আধা কাপ বেসন, ১ টেবিল চামচ চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আধা চা চামচ গোটা জিরা, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো, হিং পাউডার, স্বাদমতো নুন, ১/৪ কাপ জল, সামান্য খাওয়া সোডা, ভাজার জন্য সাদা তেল।

bread besan toast

ব্রেড বেসন টোস্ট তৈরির পদ্ধতি

একটা বাটিতে বেসনের সঙ্গে চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, গোটা জিরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো, হিং, নুন এবং খাওয়া সোডা ভালো ভাবে মিশিয়ে নিন। এতে অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

পাউরুটিগুলি তিন কোণা আকারে কেটে নিন। কড়াইতে তেল গরম করতে বসান। পাউরুটিগুলি বেসনের মিশ্রণে ডুবিয়ে গরম তেলে উল্টেপাল্টে ভেজে নিন। ভাজার সময় আঁচ কমিয়ে রাখবেন। দুই পিঠ ভালো ভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন একটা প্লেটে। টমেটো সস দিয়ে পরিবেশন করুন গরমাগরম ব্রেড বেসন টোস্ট।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion