নিরামিষের দিনে কাবাব খেতে ইচ্ছে করছে? ঘরে পনির থাকলে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধিয়া কাবাব

Posted By:

সুদূর মধ্যপ্রাচ্য থেকে আসা কাবাব এখন গোটা বিশ্বে জনপ্রিয়। আট থেকে আশি সকলেরই অতি পছন্দের খাবার এটি। রাঁধুনিদের এক্সপেরিমেন্টে এখন নিত্যনতুন সব কাবাবের রেসিপি বেরিয়েছে।

তবে কাবাব মানেই কি কেবল মুরগি, পাঁঠা আর মাছ! একেবারেই না। বিভিন্ন নিরামিষ উপকরণ দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের কাবাব তৈরি করা যায়। নিরামিষের দিনে ভাল-মন্দ কিছু খেতে মন চাইলে বানিয়ে নিতে পারেন জিভে জল আনা দুধিয়া কাবাব। পনির আর চিজের মেলবন্ধনে তৈরি এই কাবাব মুখে দিলেই জাস্ট মিলিয়ে যায়। দেখে নিন রেসিপি।

Dudhiya Kabab Recipe

দুধিয়া কাবাবের উপকরণ

৭৫ গ্রাম পনির, ১টা চিজ কিউব, ২ চা চামচ টক দই, ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো, কিশমিশ, নুন, চিনি, ২ চা চামচ ময়দা, ভাজার জন্য সাদা তেল।

দুধিয়া কাবাব তৈরির পদ্ধতি

পনির গ্রেট করে নিন প্রথমে। চিজও গ্রেট করে নেবেন। একটা পাত্রে গ্রেট করা পনির, চিজ, টক দই, কিশমিশ, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, এই সমস্ত উপকরণ একসঙ্গে ভাল ভাবে মেখে নিন। এর মধ্যে ময়দা দিয়ে ঠেসে নিন ভাল করে।

এই মিশ্রণ থেকে অল্প অল্প লেচি কেটে গোল করে নিন। তারপর দুই হাতের তালুর সাহায্যে হালকা চ্যাপ্টা করে কাবাবের আকারে গড়ে নিন। নন স্টিক কড়াইতে সাদা তেল গরম করে কাবাবগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে উল্টেপাল্টে লালচে করে ভেজে নিতে হবে। কাবাবের দুই পিঠ লালচে হয়ে গেলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন দুধিয়া কাবাব!

[ of 5 - Users]
Story first published: Saturday, August 5, 2023, 17:30 [IST]
X
Desktop Bottom Promotion