কিমা কচুরিতেই জমে উঠুক রবিবারের ব্রেকফাস্ট! রইল রেসিপি

Posted By:

সারা সপ্তাহ যাই খাওয়া হোক না কেন, রবিবারের মেনুতে খাদ্যরসিক বাঙালির নিত্যনতুন কিছু চাই-ই চাই! ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত চলে কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া। সকালের জলখাবারে সাধারণত লুচি বা পরোটাই বানানো হয়। কিন্তু সেটিও এখন একঘেয়ে হয়ে উঠেছে। রোজকারের এই একঘেয়ে খাবারের হাত থেকে রেহাই পেতে রসনায় আনুন একটু চেঞ্জ। বানিয়ে ফেলুন নতুন কিছু।

শীতকালে সবার পছন্দের তালিকায় থাকে কড়াইশুঁটির কচুরি। এ বার সেই ধাঁচেই বানিয়ে ফেলুন কিমার কচুরি। স্বাদে কিন্তু একেবারেই আলাদা। দেখে নিন কী ভাবে বানাবেন।

keema kochuri recipe

কিমার কচুরির উপকরণ

২ কাপ ময়দা, সিদ্ধ করা মুরগির মাংসের কিমা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেকিং সোডা, জোয়ান, কয়েকটা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, লেবুর রস, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন ও চিনি, সাদা তেল।

কিমার কচুরি রান্নার পদ্ধতি

একটা বড় পাত্রে ময়দা নিন। নুন, বেকিং সোডা, জোয়ান ও সামান্য তেল ভালো করে মিশিয়ে নিন ময়দার সঙ্গে। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিন। ময়দার মণ্ড তৈরি হয়ে গেলে ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রাখুন ২০ মিনিট।

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজতে থাকুন। পেঁয়াজ লালচে হয়ে এলে আদা ও রসুন বাটা দিয়ে দিন। কয়েক মিনিট ভাজার পর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে সেদ্ধ করা কিমা দিয়ে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। কিমা ঠান্ডা হতে দিন।

কড়াইতে তেল গরম করতে বসান। ময়দার মণ্ড থেকে ছোটো ছোটো লেচি কেটে, তার মধ্যে কিমার পুর ভরে ধারটা ভালো ভাবে মুড়ে দিতে হবে। তারপর লুচির আকারে বেলে নিয়ে গরম তেলে ছাড়ুন। একদম কম আঁচে ডুবো তেলে মুচমুচে করে ভেজে তুলুন। টিস্যু পেপারে রাখবেন, তাহলে অতিরিক্ত তেল শুষে নেবে। গরম গরম গরম পরিবেশন করুন কিমার কচুরি।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion