পটলের একঘয়ে রেসিপি ছেড়ে এবার বানান মৌরি পটল, রইল প্রণালী

Posted By:

পটলের নাম শুনলে অনেকেই নার সিঁটকান! আবার অনেকেরই অত্যন্ত পছন্দের সবজি এটি। বেশিরভাগ সময়ই পটলের ঝোল, ভাজা, পটল চিংড়ি, পটল পোস্ত এগুলোই রান্না করা হয়। তবে এগুলো ছাড়াও পটলের একটি দুর্দান্ত রেসিপি রান্না করা যায়। রান্না করতে করতেই জিভে জল চলে আসবে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মৌরি পটল তৈরির রেসিপি।

Mouri Potol Recipe

মৌরি পটল তৈরির উপকরণ

আধা কেজি পটল

২ চামচ মৌরি

কয়েকটা ছোটো এলাচ

দারুচিনি কয়েকটা

লবঙ্গ কয়েকটা

একটা তেজপাতা

স্বাদমতো চিনি ও নুন

২ চামচ টক দই

পরিমাণমতো সর্ষে তেল

এক চামচ হলুদ গুঁড়ো

এক চামচ লঙ্কা গুঁড়ো

এক চামচ আদা বাটা

কাঁচা লঙ্কা বাটা

মৌরি পটল তৈরির পদ্ধতি

১) প্রথমে পটলগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর সবকটা পটল লম্বালম্বিভাবে কেটে নুন ও হলুদ মাখিয়ে নিন।

২) মৌরি গুঁড়ো করে তাতে আদা বাটা, লঙ্কা বাটা ও সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন।

৩) কড়াইতে তেল গরম করে পটলগুলো হালকা লাল করে ভেজে তুলে নিন।

৪) ওই তেলেই ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে মশলার পেস্টটা দিয়ে কষাতে থাকুন।

৫) এর পর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিন। অল্প অল্প জল দিয়ে মশলা কষাতে থাকুন।

৬) মশলা ভালো করে কষানো হলে টক দই অল্প জলে ভালো করে ফেটিয়ে কড়াইতে দিয়ে দিন। আরও কিছুক্ষণ সব উপকরণ কষিয়ে নিন।

৭) এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিন। মশলার সঙ্গে পটল ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিন। কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন কিছুক্ষণ।

৮) জল শুকিয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি মৌরি পটল!

৯) গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা পটলের এই পদ।

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 8, 2023, 19:43 [IST]
X
Desktop Bottom Promotion