ছোটো আলু দিয়ে বানিয়ে ফেলুন শাহি কোর্মা, সবাই আঙুল চেটে খাবে!

Posted By:

ফুলকপি, কড়াইশুঁটি, শিম, মুলোর পাশাপাশি শীতকালে আরও একটা সবজির চাহিদা বাড়ে, তা হল ছোটো আলু। কড়াইশুঁটির কচুরির সঙ্গে ঝাল ঝাল ছোটো আলুর দম খাওয়ার জন্য প্রাণ আনচান করে ওঠে বাঙালীর। শীতের অন্যতম সেরা জলখাবার বলা যেতে পারে একে। তবে ছোটো আলুর যদি অন্য স্বাদের কিছু খেতে মন চায়, তাহলে বানিয়ে ফেলতে পারেন শাহী কোর্মা। পরোটা বা নানের সঙ্গে দারুণ লাগবে খেতে।

উপকরণ

হাফ কেজি ছোটো আলু, এক কাপ দুধ, আদা বাটা, টমেটো পিউরি, তেজ পাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, জোয়ান, এক চিমটে হিং, গোটা মৌরি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর পাউডার, খোয়া ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ, চার মগজ, পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, স্বাদমতো নুন ও চিনি, কসৌরি মেথি, ঘি পরিমাণমতো, সর্ষে তেল।

aloo recipe

প্রণালী

আলুর খোসা ছাড়িয়ে ভাল করে জলে ধুয়ে নিন। সবকটা আলুর গা হাল্কা করে চিরে দেবেন। তার পর আলুতে নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মাখিয়ে রাখুন আধ ঘণ্টা। কড়াইয়ে সরষের তেল গরম করে আলুগুলো লালচে করে ভেজে তুলে নিন। কাজু বাদাম, পোস্ত এবং চারমগজ একসঙ্গে বেটে নিন। কিশমিশ জলে ভিজিয়ে রাখুন। আধ কাপ কাজু বাদাম শুকনো খোলায় লালচে করে রোস্ট করে তুলে রাখুন।

কড়াইয়ে সরষের তেল এবং ঘি একসঙ্গে গরম করুন। তেজ পাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং, গোটা মৌরি ও জোয়ান ফোড়ন দিন। ফোড়ন ভাজা হলে আদা বাটা ও টমেটো পিউরি দিয়ে ভাজতে থাকুন। আদা, টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে একে একে চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আমচুর পাউডার দিয়ে দিন। অল্প জল দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে বাদাম-পোস্ত বাটার মিশ্রণ এবং খোয়া ক্ষীর দিন। এক কাপ দুধ দিয়ে ঢিমে আঁচে নাড়তে থাকুন।

খানিকক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর ভাজা আলুগুলো গ্রেভিতে মিশিয়ে দিন। ঢাকনা চাপা দিয়ে আলু সেদ্ধ করে নিন। ধনে পাতা কুচি, কিশমিশ, কসৌরি মেথি ছড়িয়ে চাপা দিয়ে রাখুন। মিনিট তিনেক পরে নামিয়ে নিলেই তৈরি আলুর শাহী কোর্মা! রুটি, পরোটা, নান বা কুলচার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Thursday, December 21, 2023, 19:25 [IST]
X
Desktop Bottom Promotion