ব্রেকফাস্টের পাতে থাকুক স্বাস্থ্যকর ডালিয়া, দেখুন কী ভাবে রাঁধবেন

Posted By:

সকালে সবচেয়ে বেশি অনিয়ম হয় খাওয়াদাওয়ায়। অনেকে ঘুম থেকে উঠেই ভাজাভুজি খান, কেউ আবার খালি পেটেই বেরিয়ে যান। যে কারণেই শারীরিক নানা সমস্যা দেখা দেয়। সুস্থ থাকতে গেলে সকালটা শুরু করতে হবে স্বাস্থ্যকর খাবার খেয়ে।

স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম ডালিয়া। এর মধ্যে রয়েছে ফাইবার, ফোলেট, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, আয়রনের মতো উপকারী উপাদান। ওজন কমানোর পাশাপাশি ডালিয়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও দারুণ উপকারী। ডালিয়া খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ব্রেকফাস্টে খেতে পারেন ডালিয়ার খিচুড়ি। এতে পেটও ভরবে, আর শরীর প্রয়োজনীয় পুষ্টিও পাবে।

Dalia khichdi recipe

উপকরণ

১ কাপ ডালিয়া, ৩ কাপ মুগ ডাল, ১টা তেজপাতা, আধা চামচ গোটা জিরে, গাজর কুচি, কড়াইশুঁটি, কয়েকটা কাঁচালঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এক চামচ ঘি, স্বাদমতো নুন ও চিনি, রান্নার জন্য সর্ষে তেল।

রান্নার পদ্ধতি

কড়াই গরম করে ডালিয়া ও মুগ ডাল একসঙ্গে দিয়ে শুকনো কড়াইয়ে ভাজতে থাকুন। বাদামি রং হয়ে এলে নামিয়ে নিন। তারপর ভাজা ডালিয়া ও মুগ ডাল জলে ভিজিয়ে ধুয়ে নিন ভালো ভাবে।

প্রেশার কুকারে তেল গরম করে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিন। ফোড়ন কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়ে গাজর ও কড়াইশুঁটি দিয়ে দিন। সব্জিগুলো ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা ডালিয়া ও মুগডাল দিয়ে নাড়তে থাকুন। এতে কাঁচালঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে সামান্য ঘি ছড়িয়ে মিশিয়ে দিন। তারপর পরিমাণমতো জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দিন। কয়েকটা সিটি মেরে সিদ্ধ করে নিলেই তৈরি ডালিয়ার খিচুড়ি! গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 2, 2024, 23:43 [IST]
X
Desktop Bottom Promotion