চিংড়ি দিয়ে রেঁধে ফেলুন বিউলির ডাল, জমে যাবে দুপুরের ভোজ!

Posted By:

বাঙালির মধ্যাহ্নভোজনে ডাল থাকা চাই-ই-চাই। কেউ কেউ খাওয়া শুরু করেন ডাল দিয়ে, আবার অনেকে ডাল খান একেবারে শেষ পাতে। অনেকে আবার গরম ভাতে বিউলির ডাল আর আলু পোস্ত পেলে মাছ-মাংস ছুঁয়েও দেখেন না! এ বার সেই বিউলির ডাল রেঁধে ফেলুন কুচো চিংড়ি দিয়ে। বাড়ির ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে। দেখে নিন রেসিপি।

উপকরণ

বিউলির ডাল, কুচো চিংড়ি, ২টো শুকনো লঙ্কা, গোটা মৌরি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি, সর্ষে তেল।

Dal chingri recipe

প্রণালী

চিংড়িগুলো ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখুন। শুকনো কড়াইতে বিউলির ডাল ভেজে নিন। তার পর ভাজা বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইতে সর্ষে তেল গরম করে চিংড়িগুলো ভেজে তুলে নিন। ওই তেলেই মৌরি ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে এলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন।

আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলার থেকে তেল ছেড়ে এলে ভাজা চিংড়িগুলি মিশিয়ে দিন। তার পর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে নাড়াচাড়া করুন। স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ঢাকা দিন।

মিনিট দশেক পর ঢাকনা খুলে দেখুন। ডাল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 7, 2024, 21:27 [IST]
X
Desktop Bottom Promotion