ফুলকপির ভিন্ন স্বাদের পদ খেতে চান? রেঁধে ফেলুন চিলি ফুলকপি

Posted By:

শীত কালের সব্জি বলতে প্রথমেই মনে আসে ফুলকপির নাম। বাজারে টাটকা, পুরুষ্ট ফুলকপি দেখলেই কিনতে ইচ্ছা করে। ভাজাভুজি, কোর্মা, রোস্ট, দম, আলু দিয়ে তরকারি - যে ভাবেই ফুলকপি রান্না করা হোক না কেন খেতে দারুণ লাগে। আজ শিখে নিন ফুলকপির ভিন্ন স্বাদের একটি পদ, চিলি ফুলকপি।

উপকরণ

একটা ফুলকপি, একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি সস, টমেটো সস, সয়া সস, নুন, চিনি, কর্ন ফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাদা তেল।

Chilli Cauliflower Recipe

রান্নার পদ্ধতি

ফুলকপি ছোটো ছোটো করে কেটে জলে ধুয়ে নিন। তার পর নুন জলে ভাপিয়ে জলটা ছেঁকে ফেলে দিন। একটা বাটিতে ভাপানো ফুলকপির মধ্যে গোলমরিচ গুঁড়ো, সয়া সস, নুন এবং কর্ন ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিন। পেঁয়াজ আর ক্যাপসিকাম চৌকো করে কেটে রাখুন। এক কাপ জলে দুই চা চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে রাখতে হবে।

কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো লালচে করে ভেজে তুলে নিন। ওই তেলেই রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন। রসুনের রঙ হালকা বাদামি হয়ে এলে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর স্বাদমতো নুন, চিনি মিশিয়ে নিন।

এ বার এতে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সয়া সস, রেড চিলি সস, টমেটো সস। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভাজা ফুলকপি দিন কড়াইতে। মশলার সঙ্গে ভালো করে মেশান। তার পর কর্ন ফ্লাওয়ার গোলা জলটা দিয়ে নাড়াচাড়া করুন। গ্রেভি ঘন হয়ে এলে আঁচ নিভিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন চিলি ফুলকপি!

[ of 5 - Users]
Story first published: Thursday, February 8, 2024, 19:36 [IST]
X
Desktop Bottom Promotion