রবিবারের স্পেশাল মেনুতে থাকুক চিকেন টিক্কা মশলা, জমে উঠবে ভূরিভোজ!

Posted By:

বাঙালি বাড়িতে রবিবার মানেই কব্জি ডুবিয়ে ভূরিভোজ। দুপুরে মাছ, মাংসের একেবারে এলাহি আয়োজন থাকে। তবে পাঁঠার যা দাম, তাতে ইচ্ছে থাকলেও সবসময় কেনা সম্ভব হয় না। তাই মুরগিই সেরা বিকল্প। ছোটো থেকে বড় চিকেন সকলেরই খুব পছন্দের।

আজ আপনাদের জন্য রইল চিকেন টিক্কা মশলার রেসিপি। রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে চিকেনের এই পদ খেতে কিন্তু মন্দ লাগবে না। তাই রবিবারের ডিনারে রাখতেই পারেন সুস্বাদু চিকেন টিক্কা মশলা।

Chicken Tikka Masala Recipe

চিকেন টিক্কা মশলার উপকরণ
আধা কেজি মুরগির মাংস (বোনলেস), ১ টেবিল চামচ লেবুর রস, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণমতো তেল, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, টক দই, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, কসৌরি মেথি।

চিকেন টিক্কা মশলা বানানোর পদ্ধতি
মুরগির মাংস ভালো করে ধুয়ে পাতিলেবুর রস, নুন, আদা ও রসুন বাটা, টক দই, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিন ৩০ মিনিট।

কড়াইতে তেল গরম করে চিকেনের পিসগুলো এপিঠ-ওপিঠ করে ভেজে তুলে নিন। কড়াই ভালো করে ধুয়ে আবার তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রঙ বাদামী হলে আদা রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নিন।

এবার টমেটো পিউরি দিয়ে ৫-৬ মিনিট নেড়েচেড়ে রান্না করুন। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে মশলা কষান কিছুক্ষণ। তারপর ভেজে রাখা মাংস মশলার সঙ্গে মিশিয়ে নিন। এর সঙ্গে এক কাপ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিন। ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

ঢাকনা খুলে ফ্রেশ ক্রিম দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিন। সবশেষে গরম মশলা গুঁড়ো এবং কসৌরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিন। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। রুটি, পরোটার সঙ্গে দারুণ জমবে চিকেন টিক্কা মশলা!

[ of 5 - Users]
Story first published: Saturday, May 6, 2023, 20:50 [IST]
X
Desktop Bottom Promotion