ফ্রিজে অল্প চিকেন পড়ে আছে? বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন পরোটা

Posted By:

ফ্রিজে অনেক সময়ই অল্প পরিমাণে চিকেন রয়ে যায়। এত অল্প চিকেন রান্না করলে বাড়ির সকলের হওয়া মুশকিল। তাহলে উপায়? বানিয়ে ফেলুন চিকেন পরোটা। অনেক স্বাদের পরোটাই তো খেলেন, এবার চিকেন দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পরোটা। দেখে নিন কী ভাবে বানাবেন।

চিকেন পরোটার উপকরণ

২৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, ১ কাপ ময়দা, ১ কাপ আটা, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, টক দই, পরিমাণমতো জল, ভাজার জন্য সাদা তেল।

Chicken Paratha Recipe

চিকেন পরোটা তৈরির পদ্ধতি

মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নিন। টক দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মুরগির মাংস মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেটের জন্য রাখুন।

ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিন। পেঁয়াজের রঙ লালচে হলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, চিকেন পরোটার পুর তৈরি!

এবার একটি বড় বাটিতে আটা, ময়দা ও নুন একসঙ্গে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকুন। আটা মাখা হয়ে গেলে তাতে একটু তেল মাখিয়ে মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখুন। আটার মণ্ড থেকে লেচি কেটে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপ্টা করে নিন। এর মধ্যে চিকেনের পুর ভরে গোল করে বেলে নিন।

তাওয়া গরম করে প্রথমে পরোটাগুলো হালকা সেঁকে নিন। তারপর অল্প অল্প তেল দিয়ে এই পুরভরা পরোটা উল্টেপাল্টে ভাল করে ভাজুন। পরোটা দুই পিঠ সোনালি হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন চিকেন পরোটা।

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 2, 2023, 18:51 [IST]
X
Desktop Bottom Promotion