বিকেলের জলখাবার জমে উঠুক চিজ চিকেন পাস্তায়, রইল রেসিপি

Posted By:

ইতালীয় খাবার হলেও পাস্তা এখন গোটা বিশ্বে বেশ জনপ্রিয় একটা খাবার। আট থেকে আশি, সকলেই ভালোবাসেন পাস্তা খেতে! বিকেলের জলখাবারে, ঘরোয়া আড্ডায়, বাচ্চাদের টিফিনে, খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এই খাবার। আজ আপনাদের জন্য রইল চিজ চিকেন পাস্তার রেসিপি। খেতে যেমন সুস্বাদু, রান্না করাও খুব সহজ। দেখে নিন বানাবেন কী ভাবে।

উপকরণ

২৫০ গ্রাম বোনলেস চিকেন, ২৫০ গ্রাম পাস্তা, কয়েকটা চিজ কিউব, একটা ছোটো ব্রকোলি, একটা বড় মাপের পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এক চামচ গোলমরিচ গুঁড়ো, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, এক লিটার দুধ, মাখন, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, সাদা তেল।

Chicken cheese pasta recipe

প্রণালী

মুরগির মাংস একেবারে ছোটো ছোটো পিস করে কেটে ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বাটিতে চিকেনের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, ডিম, কর্নফ্লাওয়ার, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো ভাবে মেখে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পাস্তা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। কড়াইতে সাদা তেল গরম করে মাংসের টুকরোগুলো ভেজে নিন। ব্রকলি টুকরো করে কেটে নিন।

আরেকটা প্যানে মাখন গরম করে পেঁয়াজ কুঁচি, কাঁচা লঙ্কা কুচি লালচে করে ভেজে নিন। এতে ব্রকলি দিয়ে ভাজতে থাকুন। ব্রকলি সেদ্ধ হয়ে এলে চিকেন, পাস্তা এবং দুধ ঢেলে দিন। স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবেন। দুধটা একটু ঘন হয়ে টেনে আসলে চিজ কিউব গ্রেট করে দিয়ে দিন। ভালো ভাবে মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করে আঁচ নিভিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন চিজ চিকেন পাস্তা।

[ of 5 - Users]
Story first published: Thursday, October 26, 2023, 21:47 [IST]
X
Desktop Bottom Promotion