রাতের খাবারে বানিয়ে ফেলুন চিকেন আকবরী, রইল রেসিপি

Posted By:

বাড়িতে মুরগির মাংস এলেই হয় লাল ঝোল, আর না হয় কষা। একই রকমের পদ খেতে খেতে মুখে অরুচি এসে যায় কখনও কখনও। তাই স্বাদ বদল করতে রেঁধে ফেলতে পারেন মুঘল আমলের জনপ্রিয় পদ চিকেন আকবরী। এতে বাড়ির সকলে খুশিও হবে, আর নতুন পদের স্বাদও মিলবে। দেখে নিন কী ভাবে তৈরি করবেন।

উপকরণ

আধা কেজি মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আধা কাপ ফেটানো টক দই আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, পরিমাণমতো নারকেল কোরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, ২-৩টে কাঁচা লঙ্কা, ১০-১২টা কাজুবাদাম, ধনেপাতা কুচি, ২ টেবিল চামচ ঘি, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সর্ষে তেল।

Chicken Akbari Recipe

প্রণালী

মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। কাজুবাদাম ও নারকেল কোরা মিক্সিতে পেস্ট তৈরি করে রাখবেন। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। একটু নেড়েচেড়ে তার মধ্যে কাঁচালঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আদা বাটা, রসুন বাটা ও টমেটো কুচি দিতে হবে। আন্দাজমতো নুন দিয়ে খানিকক্ষণ ভেজে নিন।

আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে টক দই দিয়ে ফের কষাতে থাকুন কিছুক্ষণ। এবার এতে দিয়ে দিন চিকেন। মশলার সঙ্গে মাংস ভাল ভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিন। একটু পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দেবেন। এই ভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংস সেদ্ধ করে নিন।

মাংস থেকে তেল ছাড়লে কাজুবাদাম ও নারকেল বাটা দিয়ে দিন। এর সঙ্গে আধা কাপ জলও দিতে হবে। উপরে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি। কড়াইয়ের ঢাকা বন্ধ করে আরও ৫ মিনিট রান্না করুন। রুটি, পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন আকবরী!

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion