বিকেলের স্ন্যাক্সে নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করছে? বানিয়ে ফেলুন চিজি পনির ব্রেড রোল

Posted By:

ছুটির দিনে ব্রেকফাস্ট থেকে ডিনার, একটু নতুন স্বাদের খাবার খেতেই মন চায়। কিন্তু সবসময় যে মাছ-মাংসেরই কোনও পদ খেতে হবে, এমন কোনও নিয়ম নেই। বিকেলের জল খাবারে পনির আর পাউরুটি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিজি পনির ব্রেড রোল। চা বা কফি, যে কোনও কিছুর সঙ্গেই স্ন্যাকস হিসেবে দারুণ সুস্বাদু এই খাবার।

চিজি পনির ব্রেড রোলের উপকরণ

এক কাপ গ্রেট করা চিজ, এক কাপ গুঁড়ো করা পনির, ১ টেবিল চামচ মাখন, ২টো আলু সেদ্ধ, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো চিলি ফ্লেক্স, ৭-৮ স্লাইস পাউরুটি, ২ চা চামচ রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণমতো অরেগানো, পরিমাণমতো সাদা তেল।

Paneer Bread Rolls Recipe

চিজি পনির ব্রেড রোল তৈরির পদ্ধতি

নন-স্টিক প্যানে মাখন গরম করে রসুন কুচি দিয়ে ভাজুন কিছুক্ষণ। এতে সেদ্ধ আলু দিয়ে মিনিট দশেক রান্না করুন। তারপর আঁচ নিভিয়ে ঠান্ডা হতে দিন। একটি বাটিতে সেদ্ধ আলুর মিশ্রণ, পনির, কাঁচা লঙ্কা, চিজ, চিলি ফ্লেক্স, মোজারেলা চিজ, অরেগানো এবং লবণ - সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিন।

পাউরুটির ধারগুলি কেটে বাদ দিন। তারপরে জলের ছিটে দিয়ে ভিজিয়ে নিন পাউরুটিগুলো। হাত দিয়ে আলতো করে চেপে পাউরুটির অতিরিক্ত জল বার করে নিন। এবার এক একটা পাউরুটি স্লাইসের মাঝখানে লম্বালম্বিভাবে আলু-পনিরের পুর ভরে রোল পাকিয়ে নিন।

কড়াইতে তেল গরম করে এক এক করে সবকটি রোল ছাড়তে থাকুন। লালচে করে ভেজে তুলে নিন। ভাজা রোলগুলি টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে অতিরিক্ত তেল শোষণ হয়ে যাবে। ব্যস, তৈরি হয়ে গেল চিজি পনির ব্রেড রোল! মেয়োনিজ বা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Saturday, September 16, 2023, 20:22 [IST]
X
Desktop Bottom Promotion