একঘেয়ে অমলেট খেয়ে বিরক্ত? স্বাদ বদল করতে এ ভাবে বানিয়ে ফেলুন

Posted By:

কম দামে যথেষ্ট পুষ্টি, সেই সঙ্গে দুর্দান্ত স্বাদ, দুইয়ে মিলে ডিমের জনপ্রিয়তা তুঙ্গে। তাছাড়া ডিম রান্নায় বিশেষ ঝামেলাও নেই। অনায়াসেই যে কোনও পদ বানিয়ে নেওয়া যায়।

আজকের কর্মব্যস্ত জীবনে সময়ের খুবই অভাব। সকালে অফিস বেরোনোর সময় তাড়াতাড়ি কিছু বানাতে হলে ডিমের কথাই প্রথম মাথায় আসে। পেঁয়াজ, লঙ্কা, নুন, গোলমরিচ দিয়ে ডিমের অমলেট চটজলদি তৈরিও হয়, আর পেটও ভরা রাখে দীর্ঘক্ষণ। তবে খেতে খেতে একঘেয়ে লাগলে, অমলেটেও আনতে পারেন নতুনত্বের স্বাদ। আজ আপনাদের জন্য রইল নতুন স্বাদের এক অমলেট রেসিপি।

Omelette Recipe

অমলেট তৈরির উপকরণ

৩-৪টে ডিম, আধ কাপ সবুজ মটরশুঁটি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণমতো গোলমরিচ, পরিমাণমতো চিলি ফ্লেক্স, এক মুঠো ধনে পাতা কুচানো, একটা লাল ক্যাপসিকাম, ব্রকোলি, ওরেগ্যানো, স্বাদ অনুযায়ী লবণ, ভাজার জন্য পরিমাণমতো মাখন।

অমলেট তৈরির পদ্ধতি

ক্যাপসিকাম এবং ব্রকোলি ভাল করে জলে ধুয়ে কেটে নিন। একেবারে ছোটো ছোটো টুকরো করতে হবে। একটি বাটিতে ডিমগুলো ফাটিয়ে লবণ, গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।

গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা মাখন দিন। মাখন গলতে শুরু করলে কেটে রাখা সবজি এবং মটরশুঁটি দিয়ে ভাজতে থাকুন। খানিকক্ষণ নেড়েচেড়ে ভাল করে ভেজে নিন। সবজি সেদ্ধ হয়ে এলে ফেটিয়ে রাখা ডিম ঢেলে দিন প্যানে। গোল করে চারিদিকে সমানভাবে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিন।

আঁচ কমিয়ে রান্না করুন। এর উপরে লবণ, গোলমরিচ গুঁড়ো, ওরেগ্যানো এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন। ডিমের নীচের দিকটা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিন। দুই দিক ভাল করে ভেজে নিন। ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Thursday, August 31, 2023, 18:45 [IST]
X
Desktop Bottom Promotion