পাতুরি কিংবা ফিশ ফ্রাই নয়, এবার রেঁধে ফেলুন ভেটকি মাছের তন্দুরি, রইল রেসিপি

Posted By:

ছুটির দিনে বাড়িতে বন্ধুবান্ধব আসার কথা। ছোটোখাটো একটা পার্টির আয়োজন হচ্ছে। খাওয়াদাওয়া হবে বেশ জবরদস্ত। মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও তো থাকবেই। কিন্তু তার আগে স্টার্টার হিসেবে কিছু না রাখলে চলে! মাংসের পকোড়া, কাবাব তো প্রায়ই খান। তাই স্টার্টারে মাছের কোনও একটি পদ রাখতে পারেন। ফিশ ফ্রাই কিংবা মাছের চপ খাওয়ানোই যায়। তবে একটু ভিন্ন স্বাদের কিছু চাইলে রাঁধতেই পারেন ভেটকি মাছের তন্দুরি। কম উপকরণে চটজলদি তৈরি হবে এই পদ। দেখে নিন রেসিপি।

ভেটকি তন্দুরির উপকরণ

৫-৬ পিস ভেটকি মাছ, ২ টেবিল চামচ টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো মাখন।

vetki fish

ভেটকি তন্দুরি তৈরির পদ্ধতি

প্রথমে ভেটকি মাছের পিসগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা পাত্রে টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন। মশলার এই পেস্ট মাছের সঙ্গে ভালো ভাবে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। মাখন গলিয়ে নিন।

তন্দুরি করার যন্ত্র বা গ্রিলারে ম্যারিনেট করা মাছগুলো এ পিঠ-ও পিঠ করে সেঁকে নিন। গ্রিল বা বারবিকিউ করার যন্ত্র থাকলে না থাকলে ননস্টিক চাটুতে কিছুটা মাখন মাখিয়েও সেঁকতে পারেন মাছগুলো। ভেটকি মাছ খুব নরম হয়। একটুতেই ভেঙে যেতে পারে। তাই মাছ সেঁকার সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনি চাইলে মাছের পিস না করে, গোটা ভেটকির তন্দুরিও করতে পারেন।

মাছ ভালো করে স্যাঁকা হয়ে গেলে পুদিনা চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন। এর সঙ্গে শসা পেঁয়াজ কুচিও রাখতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Saturday, January 6, 2024, 23:25 [IST]
X
Desktop Bottom Promotion