পমফ্রেটের সর্ষে ঝাল তো অনেক হল, এবার চেখে দেখুন দো পেঁয়াজা

Posted By:

পমফ্রেট মাছের নাম শুনলেই বাঙালির জিভে জল এসে যায়। পমফ্রেট কিনলে সাধারণত তন্দুরি, আর না হয় সর্ষে বাটা দিয়ে ঝালই করা হয়। এ বার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের দো পেঁয়াজা। রইল সেই রেসিপি।

পমফ্রেট মাছের দো পেঁয়াজার উপকরণ

৪-৫ পিস পমফ্রেট মাছ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা ও রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, রান্নার জন্য সর্ষের তেল।

Pomfret Do Pyaza Recipe

পমফ্রেট মাছের দো পেঁয়াজা তৈরির পদ্ধতি

মাছ কেটে ভাল ভাবে জলে ধুয়ে নিন। মাছে নুন-হলুদ মাখিয়ে রাখুন মিনিট দশেক। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলি ভেজে তুলে নিন। মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে হয়ে এলে তেল থেকে ছেঁকে তুলে রাখুন। একটি বাটিতে টক দই, নুন এবং চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে রাখুন।

কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। ভাজতে থাকুন। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করুন। সামান্য নুন দিয়ে দেবেন, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। এবার একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিন। সামান্য জল দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই দিতে হবে। আরও খানিকক্ষণ সময় নিয়ে মশলা কষান।

মশলা ভাল ভাবে কষানো হলে পরিমাণমতো জল দিন। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলি কড়াইতে দিয়ে দিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দেবেন। খানিকক্ষণ ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পমফ্রেট মাছের দো পেঁয়াজা।

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 19, 2023, 19:22 [IST]
X
Desktop Bottom Promotion