রবিবারের মধ্যাহ্নভোজ জমে উঠুক গন্ধরাজ চিংড়ি পোলাওয়ের সঙ্গে! দেখে নিন রেসিপি

Posted By:

সারা সপ্তাহ যাই খাওয়া হোক না কেন, রবিবার স্পেশাল খাবার না হলে মন ভালো থাকে না বাঙালির। বাঙালি মাত্রই খাদ্য রসিক। পঞ্চব্যঞ্জন দিয়ে ভুরিভোজে বাঙালি সর্বদা এগিয়ে। বিশেষত, ছুটির দিন মানেই বাঙালির হেঁশেলে চলে নিত্য নতুন পদের আনাগোনা।

এই রবিবার মধ্যাহ্নভোজে রান্না করে ফেলতে পারেন গন্ধরাজ চিংড়ি পোলাও। একেবারে অন্য স্বাদের এই পদ মুখে লেগে থাকবে নিশ্চিত! দেখে নিন কী ভাবে রাঁধবেন।

Gondhoraj Chingri Pulao Recipe

উপকরণ

বাসমতি চাল, মাঝারি সাইজের চিংড়ি, রসুন বাটা, গন্ধরাজ লেবুর পাতা কয়েকটা, একটা গন্ধরাজ লেবুর রস, গোটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, ২টো তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, এক মুঠো ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, রান্নার জন্য সাদা তেল।

প্রণালী

চাল ভালো করে ধুয়ে নিয়ে ঘণ্টা দুয়েক জলে ভিজিয়ে রাখুন। তারপর ভাত রান্না করে নিন। ভালো করে ফ্যান ঝরিয়ে ভাত একদম ঠান্ডা করে ফেলুন। খেয়াল রাখবেন ভাত যেন একেবারে গলে না যায়। ভাত একদম ঝরঝরে হতে হবে। তবেই পোলাও হবে আরও সুস্বাদু।

চিংড়িগুলো ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিন। গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে রাখবেন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ উঠলে রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করুন। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দিন গন্ধরাজ লেবুর পাতা কুচি। চিংড়ি মাছগুলোও দিয়ে দেবেন। নুন, চিনি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। এতে চাইলে সামান্য গরম মশলার গুঁড়ো দিতে পারেন।

চিংড়ি ভাজা হয়ে গেলে এতে অল্প অল্প করে ভাত দিয়ে নাড়তে থাকুন। তবে নাড়ার সময় ভাত যেন ভেঙে না যায়। এর জন্য একবারে সব ভাত দেবেন না। একটু একটু করে দিন এবং মেশাতে থাকুন।
ভাত চিংড়ি ও মশলার সঙ্গে ভালো মতো মিশে গেলে লেবুর রস ছড়িয়ে দিন। ফের মেশান।

রান্না প্রায় হয়ে এলে উপরে ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল গন্ধরাজ চিংড়ি পোলাও! গরমাগরম পরিবেশন করুন মুরগি বা পাঁঠার মাংসের সঙ্গে।

[ of 5 - Users]
Story first published: Saturday, September 9, 2023, 16:46 [IST]
X
Desktop Bottom Promotion