আম সর্ষে ভেটকি দিয়েই হোক পয়লা বৈশাখের ভূরিভোজ! কী ভাবে রাঁধবেন? রইল সহজ রেসিপি

Posted By:

পয়লা বৈশাখ মানেই পেট পুরে জম্পেশ খাওয়াদাওয়া। নতুন জামাকাপড় পরে, ভরপেট খাওয়াদাওয়া করে, গোটা দিনটি পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসে আপামর বাঙালি। এপার ও ওপার বাংলার ইলিশ, চিংড়ির দ্বন্দ্ব সারা বছর লেগে থাকলেও, নতুন বছরের প্রথম দিনে কিন্তু বাঙালি কোনও ঝগড়া মনে রাখে না। সে দিন বাঙালির পাতে সব পদই সমান গুরুত্ব পায়।

ইলিশ, চিংড়ি ছাড়াও এ দিন বাঙালির মেনুতে ভেটকি মাছও থাকে। ভেটকি দিয়ে সাধারণত ফিশ ফ্রাই, পাতুরি, কালিয়াই হয়ে থাকে। তবে এবার নববর্ষের ভোজে রেঁধে ফেলুন আম সর্ষে ভেটকি। গরম ভাতের সঙ্গে একেবারে জমে উঠবে বৈশাখের দুপুরের খাওয়াদাওয়া।

Aam Sorshe Bhetki

আম সর্ষে ভেটকির উপকরণ - ৫-৬ পিস ভেটকি মাছ, ৩ -৪ টেবিল চামচ কাঁচা আম বাটা, কালো সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, ১ টেবিল চামচ টক দই, ১ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণমতো সর্ষে তেল, স্বাদ অনুযায়ী লবণ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।

আম সর্ষে ভেটকি তৈরির পদ্ধতি - ভেটকির পিসগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখুন কিছুক্ষণ। কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রাখুন। ওই তেলেই সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তার পর টক দই, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে কাঁচা আম বাটা দিয়ে দিন।

সব উপকরণ কিছুক্ষণ রান্না করার পর পরিমাণমতো গরম জল দিয়ে মিশিয়ে নিন। এই তরকারিটা একটু মাখা মাখা হবে, তাই বুঝেশুনে জল দেবেন। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দিন। মিনিট পাঁচেক ফুটিয়ে উপর থেকে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে ঢাকা দিন। একটু পর গ্যাস বন্ধ করে দিন। এবার গরমাগরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম সর্ষে ভেটকি।

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 11, 2023, 19:37 [IST]
X
Desktop Bottom Promotion