রান্নায় বেশি নুন পড়ে গিয়েছে? সামাল দিতে রইল ঘরোয়া সমাধান

রান্নায় নুন না পড়লে সেই খাবার মুখে তোলা দায় হয়ে পড়ে। নুন কম হলে সেই খাবার বিস্বাদ লাগে। আর যদি নুন বেশি পড়ে যায় তাহলে তো খাওয়াই যায় না। তাই নুন খুব বুঝেশুনে ব্যবহার করা উচিত।

অনেক সময় ভুলবশতই রান্নায় নুন বেশি পড়ে যায়। তখন তরকারি ফেলে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু খাবার নষ্ট না করে কয়েকটি সহজ টোটকা কাজে লাগিয়েই আবার রান্নার স্বাদ ফেরাতে পারেন। জেনে নিন কোন টোটকায় খাবারের নোনতা ভাব কমাবেন।

how to reduce salt in food

জল দিন

রান্নায় নুনের ভারসাম্য বজায় রাখার সবচেয়ে সাধারণ সমাধান হল জল। ঝোল বা স্যুপে নুন খুব বেশি হয়ে গেলে তাতে আরও একটু জল দিয়ে ফুটিয়ে নিন। এতে কিছুটা হলেও খাবারের স্বাদ ঠিক হবে।

লেবুর রস, ভিনেগার

ঝোলের নোনতা ভাব কাটাতে লেবুর রস, ভিনেগার বা টমেটো সসও ব্যবহারও করতে পারেন। এতে খাবারের স্বাদও বাড়বে, আর নোনা ভাবও অনেকটা কেটে যাবে।

চিনি

খাবারের অতিরিক্ত নোনাভাব কমাতে চিনি অথবা মিষ্টি জাতীয় কোনও উপাদান খুব কার্যকর। অল্প পরিমাণে চিনি, মধু বা এমনকি গাজরের মতো মিষ্টি সবজিও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে।

আলু

ঝোলের লবণাক্ত ভাব কমাতে ব্যবহার করতে পারেন আলু। কাঁচা আলুর খোসা ছাড়িয়ে স্যুপ বা ঝোলে দিয়ে মিনিট পনেরো ফুটিয়ে নিন। তারপর ঝোল থেকে আলু তুলে ফেলুন, চাইলে রেখেও দিতে পারেন। আলু কিছুটা হলেও লবণ শুষে নেবে।

আটা

ডাল, তরকারিতে নুন বেশি হয়ে গেলে মুশকিল আসান করতে পারেন আটা দিয়ে। আটা মাখিয়ে ছোটো ছোটো লেচি করে ঝোলে দিয়ে দিন। মিনিট পাঁচেক ঝোল ফুটে গেলে আটার লেচিগুলি ঝোল থেকে তুলে ফেলে দিন। এতে তরকারির নোনতা ভাব কেটে যাবে।

ফ্রেশ ক্রিম

ফ্রেশ ক্রিমও তরকারির নোনতা ভাব কাটাতে পারে। তাই কোনও রান্নায় নুন বেশি পড়ে গেলে তাতে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিন। এতে নোনা ভাব সহজেই কেটে যাবে। বাড়িতে ক্রিম না থাকলে টক দইও দিতে পারেন।

দুধ

রান্নায় নুন বেশি হলে অল্প একটু দুধ দিয়ে দিন। এতে নুন ব্যালেন্স হয়ে যাবে, আর রান্নার স্বাদও বাড়বে। বিশেষ করে, শুকনো তরকারির লবণাক্ত স্বাদ কমাতে দুধ খুবই কার্যকরী। দুধ তরকারিতে ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এতে লবণাক্ত ভাব কমবে।

পেঁয়াজ

পেঁয়াজও এক্ষেত্রে খুব কার্যকর। কাঁচা পেঁয়াজ দুই টুকরো করে তরকারিতে দিয়ে ফুটিয়ে নিন খানিকক্ষণ। কয়েক মিনিট পর তুলে ফেলুন তরকারি থেকে। এতে অতিরিক্ত নোনাভাব দূর হবে।

X
Desktop Bottom Promotion