মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করেন? কিন্তু এটি পরিষ্কারের সঠিক পদ্ধতি জানেন তো?

Menstrual Cup Cleaning Tips in Bengali: পিরিয়ডের সময়ে স্যানিটারি প্যাড বা ট্যাম্পনের পরিবর্তে ইদানীং অনেক মহিলাই 'মেনস্ট্রুয়াল কাপ' বেছে নিচ্ছেন। আবার অনেকেই এই কাপ ব্যবহারে ভয় পান। নানা ভ্রান্ত ধারণাও ছড়িয়ে আছে মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে। এই কারণেই আমাদের দেশে এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো নয়।

কিন্তু এই কাপ যেমন সুরক্ষিত, তেমনই ব্যবহার করাও খুব সহজ। যে কোনও বয়সের মেয়েরাই এটি ব্যবহার করতে পারেন। এগুলি পরিবেশ-বান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য। এক-একটি কাপ চাইলে দশ বছর পর্যন্তও ব্যবহার করা যায়। প্যাডের তুলনায় মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। এতে র‍্যাশ, যোনিতে সংক্রমণের ঝুঁকি থাকে না বললেই চলে।

tips to clean menstrual cup

মেনস্ট্রুয়াল কাপ তৈরি হয় সিলিকন, রাবার বা প্রাকৃতিক ল্যাটেক্স দিয়ে, যা মেডিকেটেড এবং বায়োডিগ্রেডেবল। এগুলি ফেলে দেওয়ার পরে সহজেই প্রকৃতিতে মিশে যেতে পারে। শুধু জেনে রাখা দরকার, কাপ পরিষ্কার করার সঠিক কায়দা। মেনস্ট্রুয়াল কাপ ঠিকমতো যত্ন নিতে পারলেই এর চেয়ে স্বাস্থ্যকর কিছু হয় না!

মেনস্ট্রুয়াল কাপ পরিষ্কারের সঠিক পদ্ধতি
১) প্রতি মাসে মেনস্ট্রুয়াল কাপ প্রথমবার ব্যবহারের আগে কাপটিকে স্টেরিলাইজ করে নিতে হবে। প্যানে ফুটন্ত জলে কাপটিকে ৫-১০ মিনিট রেখে দিন। এতে জীবাণু নাশ হবে। তবে খেয়াল রাখবেন কাপটি যেন পুড়ে না যায়।

২) আগে ভাল করে হাত ধুয়ে নিন, তারপর কাপ পরুন। একই ভাবে, পিরিয়ডের সময় কাপ খোলার আগেও ভাল করে হাত ধুয়ে নেবেন সাবান দিয়ে। এতে ইনফেকশনের আশঙ্কা থাকবে না।

৩) পিরিয়ড চলার সময় কাপ খুলে পুনরায় ব্যবহারের আগে, কাপটি ভাল করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৪) সাধারণ জল দিয়ে কাপ পরিষ্কার করুন। অয়েল ফ্রি এবং সুগন্ধ ছাড়া মাইল্ড সাবান ব্যবহার করেও কাপ ধুতে পারেন।

৫) কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত ডিটারজেন্ট বা সুগন্ধযুক্ত সাবান, হাইড্রোজেন পারক্সাইড বা কেমিকেলযুক্ত জিনিস ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ এগুলি দিয়ে কাপ ধুলে কাপের সিলিকন নষ্ট হতে পারে।

৬) কাপ ব্যবহার করার আগে যেমন ভাবে স্টেরেলাইজ করবেন, তেমনই পিরিয়ড শেষ হয়ে গেলেও একই ভাবে স্টেরেলাইজ করে রাখবেন। প্রতি মাসে এক নিয়ম ফলো করুন। পিরিয়ড শেষ হওয়ার পর কাপটি আবার জলে ফুটিয়ে নিয়ে, শুকিয়ে নিন। তারপর তা প্যাকেটে ভরে রাখুন।

X
Desktop Bottom Promotion