Yoga for Heart : হৃদযন্ত্র দুর্বল? রোজ এই ৫ মুদ্রা অভ্যাসেই সুস্থ থাকবে হার্ট!

সুস্বাস্থ্য ধরে রাখার জন্য বিভিন্ন মুদ্রা অভ্যাসের পদ্ধতি বহু প্রাচীন। হাতের বিভিন্ন আঙুল ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পরের সঙ্গে মিলিয়ে অনেক রকমের মুদ্রা নির্মিত হয়। এই মুদ্রাগুলি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ সুস্থ রাখতে সাহায্য করে। যোগাসনের মতোই লাভজনক নানান মুদ্রা। আজকের আর্টিকেলে এমন ৫টি মুদ্রা সম্পর্কে বলা হল, যেগুলি হৃদযন্ত্র সুস্থ রাখতে দারুণ কার্যকর।

Yoga Mudras For A Healthy Heart

হৃৎপিণ্ড আমাদের শরীরের কেন্দ্রবিন্দু। তাই যে কোনও উপায়ে হার্ট সুস্থ রাখা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন, হৃদযন্ত্র সুস্থ রাখতে নিয়মিত কোন কোন মুদ্রা অভ্যাস করবেন-

সূর্য মুদ্রা

সূর্য মুদ্রা

থাইরয়েড হরমোন হৃৎপিণ্ডের কার্যকারিতা, রক্তনালী এবং কোলেস্টেরলের মাত্রার উপর সরাসরি প্রভাব ফেলে। প্রতিদিন সূর্য মুদ্রা বা অগ্নি মুদ্রা অনুশীলন করলে, তা আমাদের থাইরয়েড গ্রন্থির বিপাকীয় কার্যকারিতা উত্তেজিত হয়। এই মুদ্রা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, যার ফলে হার্ট ব্লকেজের সম্ভাবনা অনেকটাই কমে।

পদ্মাসনের মতো করে বসুন। আপনার উরু বা হাঁটুর উপর দুই হাত রাখুন। এর পরে অনামিকা আঙুল মুড়ে বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়া স্পর্শ করুন। তার পর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে হালকা চাপ দিতে থাকুন। অন্যান্য আঙ্গুলগুলি বাইরের দিকে প্রসারিত রাখুন। চোখ বন্ধ রাখুন। খাবার আগে দিনে দু'বার ১৫-২০ মিনিটের জন্য এই মুদ্রা করতে পারেন।

অপান বায়ু মুদ্রা

অপান বায়ু মুদ্রা

এই মুদ্রা হৃদরোগ নিরাময়ে সাহায্য করে। হার্ট অ্যাটাক প্রতিরোধের পাশাপাশি হৃদযন্ত্রকে ভারী হতে দেয় না। এ ছাড়াও, বায়ু মুদ্রা মাথাব্যথা, উদ্বেগ এবং আতঙ্ক নিয়ন্ত্রণে রাখে। হজম প্রক্রিয়া ও ফুসফুসের ক্ষমতাও উন্নত করে।

পদ্মাসনে বসুন। তর্জনীকে হাতের কেন্দ্র স্থলের দিকে মুড়ে নিন। এবার মধ্যমা ও অনামিকার ডগা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের ডগা জুড়ে নিন। কনিষ্ঠা সোজা করে রাখুন। চোখ বন্ধ করে 'ওঁ' জপ করুন। এতে একাগ্রতা বাড়বে। সকাল ও সন্ধ্যা দিনে ৩০ মিনিটের জন্য এই মুদ্রা করতে পারেন।

রুদ্র মুদ্রা

রুদ্র মুদ্রা

রুদ্র মুদ্রা আমাদের শরীরে প্রচুর এনার্জি যোগায়। এটি ইচ্ছাশক্তি বাড়াতে এবং আত্মসম্মান উন্নত করতে সাহায্য করে। এই মুদ্রা অভ্যাস করলে হার্ট সুস্থ থাকে।

পদ্মাসনে বসুন। তর্জনী ও অনামিকার ডগা দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠের ডগা স্পর্শ করুন। বৃদ্ধাঙ্গুষ্ঠ যাতে আঙুল দু'টির ওপর সামান্য চাপ দেয়। কনিষ্ঠা ও মধ্যমা সোজা রাখতে হবে। চোখ বন্ধ রাখুন। দিনে দু'বার ১০ মিনিট করে রুদ্র মুদ্রা করতে পারেন।

গণেশ মুদ্রা

গণেশ মুদ্রা

এই মুদ্রা মানসিক চাপ উপশম করে এবং মেজাজ ভালো রাখে। নিয়মিত গণেশ মুদ্রা অভ্যাস করলে উচ্চ কোলেস্টেরল কমে যায়, হৃদযন্ত্র মজবুত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে পারে। এক কথায়, গণেশ মুদ্রা হৃদযন্ত্রের কার্য প্রণালী নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পদ্মাসনের মতো সহজ ভঙ্গিতে বসুন। একটু শ্বাস নিন এবং আপনার শরীর শিথিল করুন। হাতের আঙুলগুলিকে অঞ্জলি মুদ্রায় স্পর্শ করুন। ডান হাতের আঙুল দিয়ে বাঁ হাতের আঙুলগুলিতে আঁকশির মতো ধরে রাখুন। একটি লকিং পজিশন সৃষ্টি হবে। এবার বিপরীতে টানুন এবং ধীরগতিতে শ্বাস-প্রশ্বাস চালান। খালি পেটে বা ভোরবেলা এই মুদ্রা অনুশীলন করলে উপকার পাবেন।

প্রাণ মুদ্রা

প্রাণ মুদ্রা

এই মুদ্রা ফুসফুসের কার্যকারিতা বাড়ায়, হৃৎপিণ্ডকে শক্তি জোগায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এই মুদ্রা অনুশীলন করলে অনাক্রম্যতা এবং দৃষ্টিশক্তি বাড়তে পারে।

কনিষ্ঠা ও অনামিকা দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ স্পর্শ করুন। আলতো চাপ দিতে থাকুন। অন্যান্য আঙুল প্রসারিত রাখুন। চোখ বন্ধ রাখবেন। যে কোনও সময় এই মুদ্রা অভ্যাস করতে পারেন।

X
Desktop Bottom Promotion