রোজ সন্ধে ৭টার পর করুন এই ৫ কাজ, বদলে যাবে আপনার জীবন!

শরীর সুস্থ-সবল রাখতে অনেকেই নানা নিয়মে নিজেকে বেঁধে রাখেন। যেমন - নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বাইরের খাবার এড়িয়ে চলা, ধূমপান ও মদ্যপান না করা, আরও কত কী। এমন কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে গেলে নিঃসন্দেহে সুস্থ থাকবে শরীর। তবে শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে না, মানসিকভাবেও নিজেকে ফিট রাখতে হবে। তবেই সামগ্রিক সুস্বাস্থ্য বজায় থাকবে।

সন্ধে ৭টার পর কয়েকটি অভ্যাসেই বদলে যেতে পারে আপনার জীবন। শুধু শরীর নয়, এই অভ্যাসগুলি যত্ন নেবে মনেরও। দেখে নিন, সন্ধের পর কী করা জরুরি।

healthy lifestyle habits

ইলেকট্রনিক যন্ত্রপাতি দূরে রাখুন

সারা দিন আমাদের চোখ আটকে থাকে ল্যাপটপ, ট্যাব বা মোবাইলে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় স্ক্রিন টাইমেই। ফলে চোখে চাপ পড়ে, স্ট্রেস বাড়ে। সামগ্রিক স্বাস্থ্যের ওপর এর খারাপ প্রভাব পড়ে। সন্ধে ৭টার পর সমস্ত ইলেকট্রনিক যন্ত্র থেকে নিজেকে একেবারে দূরে রাখুন। যন্ত্রের সঙ্গ ছেড়ে নিজের মতো করে সময় কাটান। বই পড়তে পারেন, যোগাসন করতে পারেন, নিজের পছন্দের কাজ করতে পারেন। তাতে মন, মস্তিষ্ক এবং শরীর - সব কিছু সুস্থ এবং শান্ত থাকবে।

চোখ বন্ধ করে ভাবুন

সারাটা দিন কী ভাবে কাটালেন, কী কী করলেন, সেই সব কিছু চোখ বন্ধ করে ভাবুন। ভালো-মন্দ প্রতিটা মুহূর্ত মনে করার চেষ্টা করুন। একাগ্র চিত্তে মুহূর্তগুলি ভাবলে অনেক ভুল, ত্রুটি, খারাপ লাগা, ভাল লাগার সন্ধান পাবেন। নিজের করা ভুলগুলি বুঝতে পারবেন। ফলে পরের দিন সেই একই ভুলের পুনরাবৃত্তি আর হবে না।

আগামীকালের জন্য পরিকল্পনা করে ফেলুন

পরের দিন কী কী করবেন, সেই সব যাবতীয় পরিকল্পনা আগের দিন সন্ধ্যায় করে রাখতে পারেন। একটা তালিকা তৈরি করে রাখুন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন সময় কী করবেন তা পরপর সাজিয়ে নিন। তাহলে সকালে ঘুম থেকে উঠেই দৌড়ঝাঁপ থেকে রেহাই মিলবে। তাড়াহুড়োয় অনেক সময় ঠিক করে খাওয়া হয় না, অফিস পৌঁছতে দেরি হয়ে যায়, কাজ নিয়ে সঠিক পরিকল্পনা করা হয় না। যার ফলে মানসিক চাপ বাড়ে, অস্থিরতা দেখা দেয়। দীর্ঘ দিন এমন চলতে থাকলে শারীরিক এবং মানসিক সমস্যা বাড়তে থাকে।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন

সারা দিনের কাজের চাপে প্রাণ ভরে শ্বাস নেওয়ারও সময় পাওয়া যায় না। ফলে স্ট্রেস, চিন্তা, উদ্বেগ বাড়তে থাকে। নিজের মনকে শান্ত করতে তাই সন্ধেবেলায় বাড়ি ফিরে শ্বাস নিন প্রাণ ভরে। মেডিটেশন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। তাতে মানসিক ক্লান্তি দূর হয়ে যাবে, স্নায়ুতন্ত্র শান্ত থাকবে।

নিজের যত্ন নিন

সন্ধে ৭টার পর থেকে শুরু হোক নিজের সময়। এই সময় নিজের যত্ন নিন। মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকার সবচেয়ে বড় ওষুধ হল নিজেকে সময় দেওয়া, নিজের ভালো-মন্দ নিয়ে ভাবা। তবেই তরতাজা অনুভব করবেন এবং নেগেটিভ চিন্তা দূর হবে। ত্বকের ক্লান্তি তাড়াতে এই সময় রূপচর্চায়ও মন দিতে পারেন।

X
Desktop Bottom Promotion