নিরামিষ খাওয়ার দিন বানিয়ে ফেলুন সুস্বাদু দুধ ঝিঙে, রইল রেসিপি

Posted By:

ঝিঙের নাম শুনলেই নাক সিঁটকোন অনেকে! আবার তারাই ঝিঙে পোস্ত খান চেটেপুটে। তবে স্বাদে খুব একটা আকর্ষণীয় না হলেও, ঝিঙের পুষ্টিগুণ কিন্তু অনেক। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, চোখ ভাল রাখা এবং ইমিউনিটি বাড়াতে বেশ উপকারী এই সবজি। তাই খেতে ভাল না লাগলেও স্বাস্থ্যের কথা ভেবে ডায়েটে রাখতেই পারেন ঝিঙে।

বাঙালি বাড়িতে সাধারণত ঝিঙে দিয়ে মাছের ঝোল, পোস্ত দিয়ে ঝিঙে বা ঝিঙের ঝাল খাওয়ার চলই বেশি। তবে স্বাদ বদলের জন্য ঝিঙে দিয়ে একটু নতুন কিছু রান্না করেও দেখতে পারেন। আজ আপনাদের জন্য রইল একেবারে ভিন্ন স্বাদের রেসিপি দুধ ঝিঙে। খুব কম সময়ে আর স্বল্প উপকরণে বানানো যায় এই পদ। নিরামিষের দিনে রাঁধতেই পারেন ঝিঙের এই পদ।

Dudh Jhinge Recipe

দুধ ঝিঙের উপকরণ
কয়েকটা ঝিঙে, ২ কাপ দুধ, আধ চা চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, ৩-৪টে কাঁচা লঙ্কা, রান্নার জন্য সর্ষে তেল।

দুধ ঝিঙে বানানোর পদ্ধতি
ঝিঙের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। জলে ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নেবেন। কড়াইতে সর্ষে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিন। এর মধ্যে দিয়ে দিন টুকরো করে রাখা ঝিঙে। নেড়েচেড়ে একটু ভেজে নিন। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু ভেজে নিন।

ঝিঙে ভাজতে ভাজতে দেখবেন জল বেরোচ্ছে। জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করলে স্বাদমতো নুন দিয়ে দিন। আবার একটু ভেজে নিন। এতে সামান্য চিনি দিয়ে মিশিয়ে দিন।

এবার এতে দুধ ঢেলে দিন। নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিন ভাল করে। মাঝারি আঁচে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিন। তবে কড়াইতে ঢাকা দেবেন না। নুন কম হলে আরও একটু নুন দিতে পারেন। ঝোল ফুটে ফুটে একেবারে ঘন হয়ে এলে আঁচ নিভিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুধ ঝিঙে।

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 27, 2023, 16:43 [IST]
X
Desktop Bottom Promotion