এবছর জন্মাষ্টমীতে গোপালকে উৎসর্গ করুন জন্মাষ্টমীর স্পেশাল বাসন্তী পোলাও ভোগ

Posted By: Bhagysree Sarkar

সামনেই জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্ম তিথিতেই দেশ জুড়ে পালিত হয় এই উৎসব। হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। ধর্মীয় মতে, বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়।

ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পুজো করা হয়। এবারের জন্মাষ্টমীতে বাসন্তী পোলাও ভোগ উৎসর্গ করতে পারেন আপনি।

basanti polao

কী কী লাগবে-

  • গোবিন্দভোগ চাল- ৫০০ গ্রাম
  • ঘি- ৩০০ গ্রাম
  • কাজু ও কিসমিস- ১/২ কাপ
  • কেশর দুধে ভেজানো (১০ মিনিটের জন্য)- ১/২ চা চামচ +২ টেবিল চামচ
  • লবঙ্গ, এলাচ, দারুচিনি- পরিমাণ মত
  • তেজপাতা- ৪ টি
  • জায়ফল, জয়িত্রী- ১ চা চামচ ( ড্রাই রোস্ট করে গুঁড়ো করা)
  • চিনি- ১ কাপ
  • নুন- পরিমাণ
  • উষ্ণ জল- পরিমাণ মত

কীভাবে বানাবেন-

  • প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে ১ টেবিল চামচ ঘি, ১ চা চামচ নুন, ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা ও কেশর মিশ্রিত দুধ দিয়ে মাখিয়ে একটি পাত্রে ছড়িয়ে ২০ মিনিট একটু শুকনো করে নিতে হবে।
  • এবার একটি হাঁড়িতে অবশিষ্ট ঘি গরম করে কাজু ও কিশমিশ বাদামি করে ভেজে তুলে রাখুন।
  • তারপর ওই ঘি-তে তেজপাতা ও গোটা গরম মশলা একটু নেড়ে শুকনো করে রাখা চাল দিয়ে ভালো করে ভেজে নিন।
  • চাল ভাজা হয়ে গেলে পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে এক এক করে চিনি ও অবশিষ্ট নুন মিশিয়ে চাপা ঢাকা দিয়ে কম আঁচে সেদ্ধ হতে দিন।
  • ১০ মিনিট পর পর অবশ্যই ঢাকা খুলে দেখতে হবে চাল সেদ্ধ হল কি না। মাঝে মাঝে ঢাকা সমেত হাঁড়ি গ্লাভসের সাহায্যে ধরে ঝাঁকিয়ে নিতে হবে। যাতে চালগুলো সমান ভাবে সেদ্ধ ও ঝরঝরে হয়।
  • চাল সেদ্ধ হয়ে এলে এবং জল শুকিয়ে গেলে আঁচ বন্ধ করে দিতে হবে। ১০-১৫ মিনিট ঢাকা খুলে একটু ঠাণ্ডা হতে দিতে হবে, তাহলেই ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি।
  • তবে মনে রাখবেন, পোলাও তৈরির ক্ষেত্রে হাতা বা খুন্তি ব্যাবহার করে চাল নাড়তে গেলে চাল ভেঙ্গে ঘেটে যেতে পারে। তাই চাল অর্ধেক সেদ্ধ হয়ে এলে আর খুন্তির ব্যাবহার করা যাবে না, হাঁড়ি ঢাকা দিয়ে গ্লাভসের সাহায্যে সাবধানে ধরে মাঝে মাঝে ঝাঁকিয়ে নিতে হবে।

বর্ষায় ঝলমলে ত্বক পেতে চান? আজই বানিয়ে ফেলুন এই ক্রিম, ফেটে পড়বে উজ্জ্বলতা!

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 20, 2024, 20:17 [IST]
X
Desktop Bottom Promotion