এবার দোকানের মিষ্টি নয়, বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু ওড়িশা বিখ্যাত ছানাপোড়া!

Posted By: Bhagysree Sarkar

ছানাপোড়া হল ভারতের ওড়িশা রাজ্যের একটি জনপ্রিয় মিষ্টান্ন। ওড়িশায় ছানাপোড়ার আক্ষরিক অর্থ বেকড পনির। এটি ঘরে তৈরি টাটকা পনির ছানা, চিনি, সুজি দিয়ে তৈরি করা হয়। যা দেখতে কিছুটা বাদামী রঙের হয়। এটি বেশ কয়েক ঘন্টা বেক করা হয়। কিন্তু জানেন এর ইতিহাস? শুনলে আপনিও অবাক হবেন।

ছানাপোড়ার উৎপত্তি বিংশ শতাব্দীর প্রথমার্ধে। যা হয়েছিল ওড়িশার দাসপাল্লা নামক একটি গ্রামে। একটি মিষ্টান্ন দোকানের মালিক, সুদর্শন সাহু নামে ওই ব্যক্তি এক রাতে বিক্রি না হওয়া ছানায় চিনি এবং মশলা যোগ করার সিদ্ধান্ত নেন উনুনে রেখে দেবেন। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। যদিও উনুনটি আগে ব্যবহার করা হয়েছিল এবং তখনও গরম ছিল। কিন্তু পরের দিন সকালে ওই ছানা দেখে একেবারে চক্ষু চড়কগাছ। রেখে দেওয়া ছানা সেখানে একটি চমৎকার মিষ্টিতে রূপান্তরিত হয়েছে। এরপর থেকেই এই ছানাপোড়া এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে শুধু ওড়িশা নয়, বাংলাতেও এই মিষ্টি বেশ জনপ্রিয়। তাহলে চলুন আজ এই ছানাপোড়ার রেসিপি জেনে নেওয়া যাক-

sweet shop

কী কী লাগবে-

  • ফুল ক্রিম দুধ- দেড় লিটার
  • পাতিলেবুর রস- ২ টি
  • সুজি- ১ টেবিল চামচ
  • চিনি বা গুড়- হাফ চা চামচ
  • সাদা তেল- হাফ চা চামচ
  • ছোটো এলাচ- ১ চা চামচ
  • কাজু,কিসমিস কুচানো- ১/৪ কাপ
  • বেকিং সোডা- ১/২ চা চামচ
  • নুন- ১/২ চা চামচ
  • বেকিং এর জন্য ঘি- ১/২ চা চামচ

বর্ষার সন্ধ্যায় মুচমুচে ব্রেড পকোড়া বাড়িতেই বানান, রইল রেসিপি

কীভাবে বানাবেন-

  • প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দেড় লিটার দুধ জাল দিন। এবার দুধ থেকে ছানা কাটানোর জন্য পাতিলেবুর রস দিন। দুধ ছানা কেটে গেলে একটা পরিষ্কার কাপড়ে ছানা ছেঁকে নিতে হবে। ছানার জল ফেলে দেবেন না। ওই জল পরে কাজে লাগবে।
  • এবার একটা থালাতে গরম ছানা নিয়ে হালকা হাতে মেখে নিন। দেখবেন যেন সামান্য দানা না থাকে। এরপর ছানার মধ্যে চিনি ও সুজি দিয়ে ভালো করে মিশিয়ে আবার মেখে নিন। মাখা হলে ছানার মধ্যে ছোটো এলাচ গুড়ো, সামান্য সাদা তেল, বেকিং সোডা, নুন, কুচানো কাজু কিসমিস দিয়ে ভালো করে মাখিয়ে নিন। যদি আপনার এই পর্যায়ে ছানা বেশী শুকনো লাগলে, তাহলে অল্প ছানার জল মিশিয়ে নিন।
  • বেকিং করার আগে ওভেনকে ১৮০ ডিগ্রি তাপমাত্রা ১০ মিনিট প্রি হিট করে নিন। অন্যদিকে বেকিংয়ের বাটি ঘি দিয়ে ব্রাশ করে তাতে ছানার মিশ্রণটি দিয়ে দিন। উপর থেকে কলা পালা ঢাকা দিয়ে দিন।
  • এবার ওভেন প্রি হিট হলে ৬০ মিনিটের জন্য বেক করতে দিন। ৬০ মিনিট পর ২০০ ডিগ্রিতে দিয়ে ১০ মিনিট বেক করতে হবে। যাতে ছানাপোড়ার রঙটা আসে।
  • রঙ এসে গেলে ওভেন থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। তৈরি আপনার সুস্বাদু ছানাপোড়া। ঠাণ্ডা হলে ছানাপোড়া ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন। দুপুর হোক বা সন্ধ্যা এই মিষ্টি যে খাবে, তিনি আপনার সুনাম করতে বাধ্য।
[ of 5 - Users]
Story first published: Tuesday, July 23, 2024, 20:47 [IST]
X
Desktop Bottom Promotion