Pumpkin Payesh Recipe : পার্বণের দিনে বাড়িতে বানিয়ে ফেলুন কুমড়োর পায়েস, দেখে নিন রেসিপি

Posted By:

পায়েস খেতে ভালবাসেন না, এমন বাঙালি হাতে গোনা। কারুর জন্মদিন হোক কিংবা পুজো-পার্বণ, বাঙালির খাবারের মেনুতে পায়েস থাকবেই থাকবে। চালের পায়েস, সুজির পায়েস, ছানার পায়েস ছাড়াও আরও অনেক ধরনের পায়েস খেয়ে থাকবেন আপনি। কিন্তু কখনও কুমড়োর পায়েস খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতেই পারেন। নতুন ধরনের এই পায়েস চেখে দেখুন, বেশ লাগবে! রইল রেসিপির হদিশ।

Sweet Pumpkin Payesh Recipe

কুমড়োর পায়েস তৈরির উপকরণ

মিষ্টি কুমড়ো (লম্বা লম্বা টুকরো করে কাটা) : ৫০০ গ্রাম

১/৪ কাপ চাল

২ লিটার দুধ

৪টি এলাচ

২ টুকরো দারুচিনি

এক কাপ গুড়

স্বাদ অনুযায়ী লবণ

কিশমিশ

আরও পড়ুন : চালের পায়েস তো প্রায়ই খাওয়া হয়, এবার চেখে দেখুন ডাবের পায়েস

কুমড়োর পায়েস তৈরির পদ্ধতি

১) প্রথমে কুমড়োর মোটা করে খোসা ছাড়িয়ে নিন। তারপর আলুভাজার মতো লম্বা লম্বা টুকরো করে কেটে ভাল করে ধুয়ে নিন।

২) ১০-১৫ মিনিট চাল ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে নেবেন ভাল করে।

৩) গ্যাসে দুধ বসিয়ে জ্বাল দিন। ঘন ঘন নাড়বেন যাতে পাত্রের তলায় লেগে না যায়।

৪) দুধ বেশ কিছুক্ষণ ফোটানোর পর এলাচ ও দারুচিনি দিয়ে দিন। নাড়তে থাকুন।

৫) দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে চাল দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন, নাহলে তলায় লেগে যাবে।

৬) চাল ফুটে উঠলে এক চিমটি লবণ দিন। আরও কিছুক্ষণ রান্না করুন।

৭) চাল সেদ্ধ হয়ে এলে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিন।

৮) কুমড়ো সেদ্ধ হলে গুড় দিয়ে নাড়তে থাকুন। পায়েস ঘন হয়ে এলে নামিয়ে নিন।

৯) কিশমিশ ছড়িয়ে মেশান। ব্যস তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়োর পায়েস!

১০) পায়েস একেবারে ঠান্ডা হলে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Saturday, September 17, 2022, 13:35 [IST]
X
Desktop Bottom Promotion